ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাজারের রাস্তা ও ড্রেন বন্ধ করে শেডঘর নির্মাণের অভিযোগ

বাজারের রাস্তা ও ড্রেন বন্ধ করে শেডঘর নির্মাণের অভিযোগ

লালমনিরহাটের খুনিয়াগাছ বাজারের মৎস্য ও মাংস ব্যবসায়ীদের যাতায়াতের রাস্তা ও পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে শেডঘর নির্মাণ করেছেন রাকিবুল ইসলাম বকুল নামে স্বেচ্ছাসেবক দল নেতা ও রফিকুল ইসলাম নামে এলাকার প্রভাবশালী সাবেক ইউপি সদস্য। এদিকে মাছ ও মাংস ধৌত করা বদ্ধ পানির দূর্গন্ধে চরম দুর্ভোগে পড়েছেন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীরা। বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভুমি অফিস বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত রাকিবুল ইসলাম বকুল খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৯ নং ওয়ার্ড সভাপতি ও রফিকুল ইসলাম ওই ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য।

বাজারের স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, খুনিয়াগাছ বাজারে মাছ ও মাংস ব্যবসায়ীদের জন্য নির্ধারিত স্থানে সরকার শেডঘর নির্মাণ করে দেন। ওই শেডঘর লাগোয়া জায়গায় বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল ইসলাম বকুল ও বিএনপি সমর্থিত সাবেক ইউপি সদস্য রফিকুল আলম প্রভাব খাটিয়ে অপরিকল্পিতভাবে পাকা ঘর নির্মাণ করে।

এতে মাছ ও মাংসের বাজারে ঢুকতে একপাশের রাস্তা বন্ধ হয়ে যায় এবং পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ হয়ে যায়। বাজারে শতাধিক মাছ, মাংসসহ অন্যান্য রয়েছে। প্রতিদিন মাছ ও মাংস ধুয়া বদ্ধ পানি জমে থাকে ড্রেনে। ওই পচা পানির দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়েছেন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীরা। নাক চেপে পথ চলছেন, পাশে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লীবৃন্দ ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীরা। এদিকে অপরিকল্পিতভাবে শেডঘর নির্মাণ করার শুরুর দিকে হাট ইজারাদার মশিউর রহমান উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভুমি অফিস বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে শেডঘর ঘিরে বন্ধ হয়ে যাওয়া রাস্তা ও ড্রেন দ্রুত খুলে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। কিন্তু অভিযোগ দেওয়ার এক মাস পেরিয়েও গেলেও কোন প্রতিকার পাননি বলে দাবি করেছেন হাট ইজারাদার।

বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযোগ দেওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বন্ধ রাস্তা ও ড্রেন খুলে দেওয়ার কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এতে বাজারের ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ক্রেতা সাধারন চরম দুর্ভোগে পড়েছেন। তাদের দাবি, দ্রুত সরেজমিন তদন্ত করে অপরিকল্পিতভাবে নির্মাণ করা শেডঘরটি উচ্ছেদ করে বাজারে ঢোকার বন্ধ রাস্তা ও ড্রেন চালু করে দেওয়া হোক। এব্যাপারে বাজারের মাছ ও মাংসসহ অন্যান্য ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাজারের সার ব্যবসায়ী সাইফুল ইসলাম, মাংস ব্যবসায়ী আনিছুর রহমান, হার্ডওয়ার ব্যবসায়ী আনোয়ার হোসেন ও কম্পিউটারের দোকানদার আলম জানান, শেডঘর নির্মাণের কারণে যাতায়াতের রাস্তা ও পানি যাওয়া ড্রেন বন্ধ হয়ে গেছে। এর ফলে খুনিয়াগাছ বাজারের মাছ ও মাংসসহ অন্যান্য ব্যবসায়ীরা পণ্য আনা-নেওয়া এবং ক্রেতা সাধারণ চলাচলে সমস্যায় পড়ছেন।

খুনিয়াগাছ হাট ও বাজারের ইজারাদার মশিয়ার রহমান জানান, বাজারে অপরিকল্পিতভাবে শেডঘর নির্মাণ বন্ধে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি অফিস বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল ইসলাম বকুল বলেন, আমি দীর্ঘদিন থেকে বাজারে দোকান করছি। আমি আমার জায়গা পাকা করেছি। এতে কারও অসুবিধা হলে আমার কি করার আছে।

অভিযুক্ত সাবেক ইউপি সদস্য রফিকুল আলম বলেন, আমি বাজারের পুরাতন ব্যবসায়ী। আমি আমার নিজের দোকান পাকা করেছি। এতে কারও সমস্যা হলে আমার কিছু করার নেই।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস জানান, খুনিয়াগাছ বাজারে শেডঘর নির্মাণের ব্যাপারে হাট ইজারাদারের একটি লিখিত অভিযোগ পেয়েছি। এটি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত