ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

চবির গণিত বিভাগে স্মার্ট ক্লাসরুম ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন

চবির গণিত বিভাগে স্মার্ট ক্লাসরুম ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে 'স্মার্ট ক্লাসরুম' ও 'কম্পিউটার ল্যাব' উদ্বোধন বুধবার দুপুর ১টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আল্-ফোরকান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্মার্ট ক্লাস ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গণিত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিভাগ। অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্যারের মতো বিশ্বখ্যাত শিক্ষাবিদ এই বিভাগের গৌরবকে আরও সমৃদ্ধ করেছেন। এই ঐতিহ্যকে সামনে রেখে আমাদের বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও উদ্ভাবনের নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের নিয়ে ভাবতে হবে। পৃথিবী এখন অত্যন্ত প্রতিযোগিতামূলক। শুধু একটি ডিগ্রি অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা জাতীয় ও বৈশ্বিক চাকরির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। গণিত বিভাগের পাঠ্যক্রমকে সময়োপযোগী ও আধুনিক করতে হবে। একইভাবে শিক্ষকদেরও নিজেদের একাডেমিক দায়িত্বের জায়গায় আরও আন্তরিক হতে হবে। উপাচার্য সবাইকে ধন্যবাদ জানান। এসময় বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জালাল আহাম্মদ, আলাওল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত