ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

অনলাইন জুয়ায় টাকা হেরে বন্ধুকে হত্যার অভিযোগ

অনলাইন জুয়ায় টাকা হেরে বন্ধুকে হত্যার অভিযোগ

নির্জন মাঠের সড়কের পাশে খড়ের নিচে পড়ে ছিল অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ। পাশে ছিল শিয়ালের আনাগোনা। লাশ উদ্ধারের পর পাশে পড়ে থাকা স্যান্ডেল, হাতঘড়ি ও পরনের পোশাক দেখে পরিবারের সদস্যরা শনাক্ত করেন লাশটি নিখোঁজ রাজা হোসেনের (২৫)। এ ঘটনায় নিহতের বাবা ইমাম আলী বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওই মামলায় রিফাছ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হলে তাদের মধ্যে রাজা হোসেনের বন্ধু রিফাছ হোসেন (২৬) হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। পরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য, অনলাইন জুয়ায় বড় অঙ্কের টাকা হারিয়ে আর্থিক সংকটে পড়েছিলেন রিফাছ। ওই সংকট কাটাতে বন্ধু রাজা হোসেনের কাছ থেকে টাকা আদায়ের পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী রাজাকে ডেকে নিয়ে মাদক সেবনের পর জাল বা নেটজাতীয় বস্তু দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে রাজার মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে টাকা দাবি করা হয় বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার সকাল সোয়া ৬টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকায় ইট বিছানো সড়কের পাশ থেকে রাজা হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, লাশটি দুই দিনের পুরোনো হওয়ায় পচন ধরেছে।

মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাশ উদ্ধারের সময় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদে একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত