ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পাংশায় চোরাই স্বর্ণ-রুপার অলংকার উদ্ধার, গ্রেপ্তার এক

পাংশায় চোরাই স্বর্ণ-রুপার অলংকার উদ্ধার, গ্রেপ্তার এক

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে চোরাইকৃত বিপুল পরিমাণ স্বর্ণ ও রৌপ্য অলংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম লিটন নামে এক স্বর্ণকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পাংশা থানাধীন নারায়ণপুর শাখিনন্দ দত্ত মার্কেটের 'পিংক জুয়েলার্স' নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনায় দোকানের মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে।

তদন্তে পুলিশ জানতে পারে, মামলার ১ নম্বর আসামি স্বর্ণকার জাহিদুল ইসলাম লিটন ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করার সুবাদে চুরির পরিকল্পনা করেন। পরে সহযোগীদের সহায়তায় দোকান থেকে স্বর্ণ, রৌপ্য অলংকার ও নগদ টাকা চুরি করে একটি ব্যাগে ভরে দত্ত মার্কেটের মোড়ে ফেলে রেখে তারা পালিয়ে যান। ঘটনার পর বিষয়টি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আসামির অবস্থান শনাক্তের পর পাংশা থানার একটি চৌকস অভিযানিক দল গতকাল ভোর ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী মধ্যপাড়া এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি জাহিদুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করে।

পরে স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষিদের সামনে তার দেখানো মতে তল্লাশি চালিয়ে ছোট-বড় ৩০টি আংটি, ১১টি চেইন, একটি সীতাহার, তিনটি নূপুর, একটি চাঁন, ২৬ জোড়া ছোট-বড় কানের দুল এবং একটি ব্রেসলেটসহ মোট ১৫ ভরি ০.৫৮ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩৩ লাখ ২১ হাজার টাকা।

এ ছাড়া ৫৮ জোড়া নূপুর, ৩০টি চেইন, ছয়টি বাজু, চারটি ব্রেসলেট, ১৬ জোড়া হাতের চুড়ি, ৩৫টি ছোট-বড় তাবিজ, ১৯ জোড়া কানের দুল এবং ১৩টি চাঁনসহ মোট ২২০ ভরি রৌপ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৮০ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মালামাল আইনানুগভাবে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত