ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

স্বল্প আয়ের লোকদের নাগালে নেই ইলিশের দাম

স্বল্প আয়ের লোকদের নাগালে নেই ইলিশের দাম

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটায় ইলিশ কিনতে পাইকারি ও খুচরা বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে বাজারে মাছের সরবরাহ বাড়লেও কমেনি দাম। বরং চড়া দামের কারণে অনেক ক্রেতাই মাছ না কিনে ঘুরেফিরে দাম দেখছেন। কেউ কেউ মাছ কেনার সাহস হারিয়ে খালি ব্যাগ নিয়েই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্র ও স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, নিষেধাজ্ঞার আগে ইলিশ কিনতে সকাল থেকেই ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। কিন্তু মাছের দাম শুনে অনেকেই হতাশ হয়ে পড়েন। প্রত্যাশা ছিল নিষেধাজ্ঞার আগের দিন মাছের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমবে। বাস্তবে হয়েছে উল্টো। পাথরঘাটা সদর ইউনিয়নের ৬৫ বছর বয়সী ক্রেতা মো. ইউসুফ আলী (বড় মিয়া) বলেন, শেষ কবে মুই ইলিশ মাছ দিয়া ভাত খাইছি, হ্যাঁ মোর মনে পড়ে না। আর যে কয়দিন আল্লাহ বাঁচাই রাখবে, এর মধ্যে ইলিশ মাছ খাইতে পারমু কিনা, এইডাই সন্দেহ জাগে। অবরোধের আগের দিন ভাবলাম দাম অনেক কমবো। হ্যাঁ দেখি, আগের চাইতে আরও দাম বাড়ছে। বাড়ি থেইকা যে ব্যাগ খালি লইয়া আইছিলাম, হেই ব্যাগ আবার খালি লইয়া বাড়ি যামু। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর সমুদ্রের ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের বড় ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকায়। মাঝারি আকারের ইলিশের দাম ৪০ থেকে ৪৫ হাজার টাকা এবং ছোট ইলিশ বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৫ হাজার টাকায়। অন্যদিকে স্থানীয় বা 'লোকাল' ইলিশের দাম আরও বেশি। এক কেজির বেশি ওজনের ইলিশ প্রতি মণ ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা, ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার টাকা এবং মাঝারি আকারের ইলিশ ৫০ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের লোকাল ইলিশের দাম উঠেছে ২৮ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। মেসার্স মক্কা ফিসের স্বত্বাধিকারী মহিউদ্দিন হিরু বলেন, 'মাছের দাম খুব বেশি। শেষ মুহূর্তে সাধারণত মাছের দাম কম থাকে। কিন্তু এখন চড়া বাজার চলছে।' তাঁর ভাষ্য, নিষেধাজ্ঞা শুরুর আগে ঘাটে মাছের আমদানি বেড়েছে। তবে সরবরাহ বেশি থাকলেও দাম কমেনি। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত প্রায় ৫০০ ট্রলার পাথরঘাটা ঘাটে এসেছে। প্রতিটি ট্রলারেই কমবেশি মাছ ধরা পড়েছে। তবে মাছের দাম চড়া। সাধারণত এ সময় মাছের দাম অনেকটা কম থাকে। এ বছর পরিস্থিতি ব্যতিক্রম।

সংশ্লিষ্টরা জানান, পাথরঘাটা বিএফডিসি ঘাটে মাছ নিয়ে কমপক্ষে ৫০০টি ট্রলার এসেছে। এর মধ্যে দুই দফায় প্রায় ২০০ ও ৩০০টি করে ট্রলার ঘাটে এসেছে। নিষেধাজ্ঞার আগে মাছের সরবরাহ বাড়লেও বাজারে এর প্রভাব পড়েনি।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, কেনাবেচা ও বিনিময় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা শুরুর আগের দিন পাথরঘাটার বাজারে তাই ইলিশ কিনতে ক্রেতাদের ভিড় বাড়লেও চড়া দামের কারণে অনেকেই মাছ না কিনেই ফিরে যাচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত