ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

চার বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় আয়োজনের দাবি

চার বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় আয়োজনের দাবি

ফরিদপুরের ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা টানা চার বছর ধরে বন্ধ থাকায় তা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও মিছিল করেছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। পরে আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পক্ষকালব্যাপী মেলা আয়োজনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুহাম্মদ আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, অ্যাডভোকেট বশীর আহমেদ চৌধুরী, তৌহিদুল ইসলাম স্টালিন, মেহেদী হাসান মিঠু, বীর মুক্তিযোদ্ধা পাগলা বাবলু খান, পলাশ খান, মাহফুজ খান বাদল, আনিসুর রহমান ও শামীমা বেগম। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, জসীম পল্লী মেলা ফরিদপুরের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। টানা চার বছর মেলা বন্ধ থাকায় সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এ মেলা শুধু কেনাবেচার আয়োজন নয়; এটি সংস্কৃতিসেবী, শিল্পী, কারুশিল্পী, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল। তারা বলেন, মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তের পণ্য ও হস্তশিল্প প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরি হতো। এতে ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান ও আর্থিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হতো। তাই ফরিদপুরের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজন করা জরুরি।

মানববন্ধন ও সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসক ও ফরিদপুর ফাউন্ডেশনের সভাপতি বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে জসীম পল্লী মেলার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়, ১৯৯১ সালের ১ জানুয়ারি ফরিদপুর সাহিত্য পরিষদ প্রথম একদিনের জসীম পল্লী মেলার আয়োজন করে। পরের বছর আনছার উদ্দিন হাইস্কুল ও বিসিককে সম্পৃক্ত করে মেলা পাঁচ দিনব্যাপী করা হয়। ১৯৯৩ সালে তৎকালীন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম মেলার মেয়াদ বাড়িয়ে সাত দিন করেন। ১৯৯৪ সালে তৎকালীন জেলা প্রশাসক কে. এম. নুরুল হুদা মেলাকে পক্ষকালব্যাপী করার উদ্যোগ নেন। ওই বছর তৎকালীন রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস মেলার উদ্বোধন করেন।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, পল্লীকবি জসীমউদ্?দীনের জন্মশতবর্ষ ২০০৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন ও ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছিল। তৎকালীন জেলা প্রশাসক মো. ইসমাইল জবিউল্লাহর উদ্যোগে বড় বাজেটে মেলার প্রস্তুতি নেওয়া হয়। পরে তাঁর আকস্মিক বদলির পর পরবর্তী জেলা প্রশাসক জালাল আহমেদ মেলাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করেন। ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুহাম্মদ আব্দুস সামাদ, সভাপতি প্রফেসর মো. আলতাফ হোসেন ও সম্পাদক মফিজ ইমাম মিলন স্মারকলিপিতে স্বাক্ষর করেন এবং উপস্থিত থেকে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পক্ষকালব্যাপী জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের উদ্যোগ নিতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত