
জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল বুধবার সকাল ১১টায় সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সভাপতি গাজী রাসেদ সামস, সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজি, সাবেক যুগ্ম সম্পাদক হাসিবুল গণি ও মনির খন্দকার প্রমুখ। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি গাজী রাসেদ সামস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজি। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।