
সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংকে ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে ১০ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৯ লাখ ২৪ হাজার ৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা হলেন গ্রামীণ ব্যাংকের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শাখার সাবেক সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। তিনি উল্লাপাড়া উপজেলার গুয়াগাঁতী গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার দুপুরে পাবনা স্পেশাল জজ আদালতের স্পেশাল জজ (জেলা জজ) আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবনা জেলা সমন্বিত কার্যালয়ের পিপি মইনুল হোসেন এ তথ্য জানিয়েছেন।
মইনুল হোসেন জানান, ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে গ্রামীণ ব্যাংকের ১০ লাখ ১১ হাজার ৮ টাকা আত্মসাৎ করেন ওই কর্মকর্তা। এ ঘটনায় ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের পাবনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান বাদী হয়ে ওই কর্মকর্তাসহ তিন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন। একই মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।