
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমীন জয়ের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেনের বাসায় গিয়ে খবর নিয়েছেন। এ সময় তিনি একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেনের হাজিপাড়াস্থ বাসায় যান। সেখানে তিনি দেলাওয়ারের সঙ্গে কুশল বিনিময় করেন। নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমীন বলেন গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আমাদের একে অপরের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখতে হবে। গণতন্ত্রের প্রধান বিষয়টি হচ্ছে একে অপরের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করা। ঠাকুরগাঁওয়ের স্বার্থে এবং দেশে স্বার্থে সহযোগিতার অনুরোধ জানান তিনি। তিনি বলেন আমরা যদি একে অপরের মতামতের প্রতি সম্মান প্রদর্শণ না করি তাহলে সামনের দিকে এগোতে পারবো না। নির্বাচনে আমি কখনো নাম ধরে কথা বলিনি, তাকে অসম্মান কথা বলিনি। সম্মান দিয়ে কথা বলেছি। এটা আমাদের দায়িত্ব। তারেক রহমান সে ভাবেই আমাদের ব্রিফ করেছেন। আমাদের একে অপরের প্রতি আস্থা রাখতে হবে। ফয়সল আমিন বলে সরকারের কেবল মাত্র ছয় মাস হয়েছে। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকারি দল কোন কিছুতে ভূল করলে সেটা সংশোধ করে দেওয়া, ছায়া সরকার হিসেবে কাজ করা। আমি আশা করবো আমার ছোট ভাই প্রতিপক্ষ দেলাওয়ার ঠাকুরগাঁওয়ের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সহযোগিতা করবেন। তিনি আরও বলেন সে বিপুল পরিমাণ ভোট পেয়েছেন। একটা বিশাল অংশ তার সঙ্গে আছে। আমি সেই অংশকে বাদ দিয়ে এমপি নই। তারা আমারই অংশ, এলাকারই অংশ। আমরা একসাথে কাজ করবো এটাই আমার প্রত্যাশা। বিএনপি নবনির্বাচিত এমপি নির্বাচিত হওয়ার শুক্রবার সকালে তিনি প্রথমে দলীয় কার্যালয়ে যান। সেখানে সকাল থেকে অপেক্ষারত নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় নেতাকর্মীরা প্রিয় এই নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দলীয় নেতা-কর্মীদের ফুলেল শুভেচছায় তিনি সিক্ত হন। উল্লেখ্য, ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সবকটি কেন্দ্রের ফলাফলে বিএনপি'র প্রার্থী মির্জা ফয়সল আমিন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৫০ ভোট। এ ছাড়া আসনটিতে নির্বাচন কমিশনের তথ্য মতে বাতিল ভোটের সংখ্যা ৫ হাজার ৩০৮ টি। ভোট প্রদানের হার ৬৪ দশমিক ৭৭ শতাংশ।