ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ভেজাল দুধ তৈরির কারখানা মালিকের কারাদণ্ড

ভেজাল দুধ তৈরির কারখানা মালিকের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানার মালিক বাশারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উপকরণ ও প্রস্তুত করা দুধ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

এ ঘটনায় কারখানার মালিক আবুল বাশারকে দুই লাখ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার এক সহযোগী মো. সবুজকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে আবুল বাশারের নিজ বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের নেতৃত্বে পাবনা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে ৩৬ ড্রাম জেলি, যার ওজন প্রায় ২ হাজার ৭০০ কেজি, দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার তেল এবং ৩২০ লিটার প্রস্তুত করা ভেজাল দুধ জব্দ করে ধ্বংস করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। অভিযান সূত্রে জানা যায়, আবুল বাশার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন। এন এস আইয়ের তথ্যের ভিত্তিতে বাঁশারের বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির এসব উপকরণ ও প্রস্তুত করা দুধের সন্ধান পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আবুল বাশার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত আবু তালেব প্রামাণিকের ছেলে। তাঁর সহযোগী মো. সবুজ একই গ্রামের মো. হাবিল প্রামাণিকের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, দীর্ঘদিন ধরে মো. আবুল বাশার ভেজাল দুধ তৈরির ব্যবসা পরিচালনা করে আসছিলেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী। ঔসময় উপস্থিত ছিলেন- ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, জাতীয় গোয়েন্দা সংস্থার ভাঙ্গুড়া উপজেলা দায়িত্বপ্রাপ্ত অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত