
'সপ্তাহে তিন দিন, জমা পানি ফেলে দিন' শ্লোগানকে ধারণ করে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুর সিটি ম্যারাথন হয়েছে।
গতকাল শুক্রবার ভোর ৬টায় পাবলিক লাইব্রেরী মাঠে ম্যারাথনের উদ্বোধন করেন, সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ-উন-নবী চৌধুরী। বিউটিফুল রংপুর ফাউন্ডেশন ও রুপান্তর যুব সংগঠনের সহযোগিতায় আয়োজিত ম্যারাথনে নগরীর শিশু-কিশোর, তরুণ-তরুনীসহ বিভিন্ন বয়সী ৫ শতাধিক রানার অংশ নেয়।
নগরীর ৫ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হয় রংপুর সিটি ম্যারাথন। শারীরিক-মানসিক বিকাশসহ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছে অংশগ্রহণকারীরা।
শেষে ম্যারাথনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিটি কর্পোরেশন প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন, বিউটিফুল রংপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুন্তাসির পারভেজ অংকুর, রুপান্তর যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার নাফিসসহ অন্যরা।
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনের পর থেকে রংপুর সিটি কর্পোরেশন পরিস্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে কাজ করছে।
এরই অংশ হিসেবে ডেঙ্গু প্রকোপ বাড়ায় সিটি কর্পোরেশন ম্যারাথনের মাধ্যমে নগরবাসীর মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ম্যারাথনের মত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশসহ মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রী লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংষ্কৃতিক কর্মকাণ্ডে যুবদের যুক্ত করার নির্দেশনা দিয়েছেন। তাই বছরব্যাপী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।