
বিদ্যুতের চাহিদা পূরণের জন্য সরকার জ্বালানি সাশ্রয়ে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে ৭১ লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) ছাদে স্থাপন করা হয়েছে রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট। এতে এ প্লান্টে ওই কার্যালয়ে বিদ্যুৎ চাহিদাও মিটছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে প্রায় ২ মাস আগে তিনটি ব্লকে বসানো হয়েছে ২৪০টি সোলার প্যানেল।
এ প্লান্টে সূর্যের আলোতে এসব প্যানেল থেকে উৎপাদন হচ্ছে ১৫০ কিলোওয়াট বিদ্যুৎ। আর এ বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কাজে। এতে সরকারের বিদ্যুতের ওপর চাপও কমছে এবং সরকারের বিদ্যুৎ ব্যয়ও এখন সাশ্রয় হচ্ছে।
এতে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে (ছুটির দিনে) সোলার প্যানেলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ। এছাড়াও অতিরিক্ত বিদ্যুৎ নেসকোর কাছে বিক্রি করা হচ্ছে। এরইমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুৎ বিলও কমেছে এবং ১ মাসে বিল সাশ্রয় হয়েছে প্রায় ২ লাখ টাকা। জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে বসানো এ সৌরবিদ্যুৎ দেখার জন্য বিভিন্ন স্থান থেকে লোকজনও আসে। অনেকেই সরকারি বেসরকারি অফিসের ছাদে এ সৌরবিদ্যুৎ বসানোর উদ্যোগ নিয়েছে।
এছাড়া গ্রামগঞ্জের পাকা বাড়ির ছাদে এ সৌরবিদ্যুৎ স্থাপন করা হচ্ছে। এরমধ্যেই অনেক অফিস ও বাড়ির ছাদে এ সৌরবিদ্যুৎ বসানো হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে প্রতিমাসে প্রায় ২ লাখ টাকা সাশ্রয় হচ্ছে। সরকারের এ উদ্যোগে সরকারি অফিসে বিদ্যুতের চাহিদাও মিটছে। জেলার অনান্য সরকারি ভবনের ছাদেও এ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।
এরমধ্যেই রুফটপ সোলার প্যানেল স্থাপনের জন্য জেলার উপজেলাগুলোতে ২০ লাখ টাকা করে এবং পৌরসভাগুলোতে ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এতে বাড়তি বিদ্যুৎ চাহিদা পূরণ হচ্ছে এবং জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তবে এ সৌরবিদ্যুৎ ব্যবহারে লাখ লাখ টাকা সাশ্রয় হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।