ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ঐতিহ্য ধরে রেখেছে খলিষখালীর দুধের হাট

দিনে বিক্রি হয় ৩০০ মণ দুধ
ঐতিহ্য ধরে রেখেছে খলিষখালীর দুধের হাট

শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী বাজার। সময়ের সঙ্গে বাজারের চেহারা বদলেছে, বেড়েছে মানুষের আনাগোনা, গড়ে উঠেছে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান। তবে ভোর হলেই ফিরে আসে পুরোনো সেই ব্যস্ততা। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে দুধ নিয়ে কৃষক, খামারি ও গৃহস্থরা জড়ো হন এখানে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে দুধের হাট।

স্থানীয়দের কাছে খলিষখালী বাজার এখন 'দুধের বাজার'হিসেবেই বেশি পরিচিত। প্রতিদিন সকালে কেউ সাইকেলে, কেউ ভ্যানে, আবার কেউ বিভিন্ন যানবাহনে করে দুধ নিয়ে আসেন। চলে দুধ মাপা, দরদাম ও কেনাবেচা। সাধারণত সকাল ১১টার মধ্যেই শেষ হয়ে যায় এ বেচাকেনা।

স্থানীয়দের হিসাবে, খলিষখালীর দুধের বাজারে প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ মণ দুধ কেনাবেচা হয়। খলিষখালী, মাগুরা, ইসলামকাটি, সরুলিয়া ও খেশরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে দুধ নিয়ে আসেন বিক্রেতারা। দূর-দূরান্ত থেকেও ক্রেতারা আসেন এ বাজারে। বর্তমানে বাজারে প্রতি কেজি দুধের দাম প্রায় ৫০ থেকে ৬০ টাকা। তবে দুধের মান, সময় ও ক্রেতাভেদে দাম কিছুটা কমবেশি হয় বলে জানিয়েছেন বিক্রেতারা। খলিষখালী ও আশপাশের এলাকায় গরু পালন এখন অনেক পরিবারের নিত্যদিনের কাজের অংশ হয়ে উঠেছে। কারও বাড়িতে এক-দুটি গরু, আবার কেউ গড়ে তুলেছেন ছোট খামার। নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত দুধ বাজারে বিক্রি করে সংসারে বাড়তি আয় করছেন তারা।

পাকশিয়া গ্রামের মনোরঞ্জন মন্ডলের বাড়িতেও রয়েছে গরুর খামার। তাঁর খামারে ১২ থেকে ১৫টি গরু রয়েছে। বর্তমানে ছয়টি গাভি থেকে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ কেজি দুধ পান তিনি। প্রতিদিন সকালে সেই দুধ নিয়ে আসেন খলিষখালী বাজারে।

মনোরঞ্জন মন্ডল বলেন, ৪৫ থেকে ৫৫ টাকা কেজি দরে, কখনও এর চেয়েও কম দামে দুধ বিক্রি করতে হয়। তবে দুধ বিক্রির টাকা দিয়েই সংসার ভালোভাবে চলে যাচ্ছে। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ও করতে পেরেছি। তার মতো আশপাশের গ্রামের অনেক পরিবারই গরু পালন করে দুধ বিক্রির মাধ্যমে বাড়তি আয় করছে। বাগমারা গ্রামের পল্লী চিকিৎসক শাহিদুল ইসলাম প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ কেজি দুধ উৎপাদন করেন। নিয়মিত বাজারে দুধ বিক্রি করে সংসারের প্রয়োজনীয় খরচ মেটান তিনি। শাহিদুল ইসলাম বলেন, খলিষখালী দুধের বাজারের কারণে আশপাশের গ্রামের মানুষ বাড়িতে গাভি পালন করছেন। সাতক্ষীরা জেলার মধ্যে খলিষখালীর মতো দুধের বাজার আর কোথাও নেই। এ বাজারের ইতিহাসও অনেক পুরোনো। মাদরা গ্রামের হরি মন্ডল প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি দুধ নিয়ে বাজারে আসেন। তিনি জানান, প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা দরে দুধ বিক্রি করেন। বয়রাডাঙ্গা গ্রামের রবিউল খাঁ বলেন, প্রতিদিন বাড়ি থেকে দুধ নিয়ে আসি। দুধ বিক্রির আয় দিয়েই সংসার চলে।

খলিষখালী বাজারে দুধ কেনাবেচার সঙ্গে কয়েক দশক ধরে যুক্ত রয়েছেন অনেক ব্যবসায়ী। কাদিকাটি গ্রামের সঞ্জয় দাস ও বিষ্ণু কুমার দাস, সরুলিয়ার শুভঙ্কর ঘোষ, দুলাল ঘোষ ও সমীর ঘোষ এবং রাজেন্দ্রপুর গ্রামের মৃত্যুঞ্জয় ঘোষসহ অনেকে প্রায় ২০ থেকে ৩০ বছর ধরে এ ব্যবসা করছেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বছরের পর বছর বাজারের অনেক পরিবর্তন হলেও দুধের কেনাবেচা কমেনি। বরং আশপাশের এলাকায় গরু পালন বাড়ায় দুধের সরবরাহও বেড়েছে। এ ব্যবসা করে অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন এবং পরিবার নিয়ে স্বচ্ছন্দে জীবনযাপন করছেন। সরুলিয়া থেকে আসা ক্রেতারাও নিয়মিত এ বাজার থেকে দুধ কেনেন। পরে এসব দুধ পাটকেলঘাটা, সাতক্ষীরা, খুলনাসহ বিভিন্ন এলাকার হোটেল, মিষ্টির দোকান ও খাবারের প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সুনীল দে বলেন, সাধারণ সময়ের তুলনায় ঈদ, পূজা, বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দুধের চাহিদা বেড়ে যায়। দুধ দিয়ে দই, মিষ্টিসহ নানা ধরনের খাবার তৈরি করা হয়। এসব অনুষ্ঠানে একসঙ্গে বেশি দুধের প্রয়োজন হওয়ায় বাজারে ক্রেতার সংখ্যাও বাড়ে। তখন দামও কিছুটা বেড়ে যায়।

খলিষখালী বাজারের সঙ্গে জড়িয়ে আছে জমিদার আমলের ইতিহাস। স্থানীয় প্রবীণদের ভাষ্য অনুযায়ী, জমিদার ননী বসুর দান করা জমিতে খলিষখালী বাজারের গোড়াপত্তন হয়। সেই সময় থেকেই এ এলাকা ধীরে ধীরে স্থানীয় মানুষের কেনাবেচার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।

স্থানীয় প্রবীণ চন্ডীচরণ হোড় বলেন, খলিষখালী এলাকায় একসময় জমিদারদের বসতি ছিল। সেই সময় থেকেই বাজার দুটির গোড়াপত্তন হয়েছে বলে স্থানীয়ভাবে প্রচলিত আছে। প্রায় শত বছর ধরে বাজার দুটি মানুষের কেনাবেচার কেন্দ্র হিসেবে টিকে আছে। বাজারের পাশে রয়েছে একটি পুরোনো বটগাছ। গাছটিকে ঘিরে গড়ে উঠেছে কয়েকটি চায়ের দোকানসহ ছোটখাটো ব্যবসাপ্রতিষ্ঠান। ভোরে দুধের বাজার বসার সময় এসব দোকানেও মানুষের ভিড় দেখা যায়। পুরোনো বটগাছ, বাজারের ব্যস্ততা আর দুধের হাট— সব মিলিয়ে খলিষখালীর ভোর যেন স্থানীয় জীবনেরই একটি চেনা দৃশ্য।

দুধের এই জমজমাট বাজারের আড়ালে রয়েছে খামারি ও গৃহস্থদের নানা দুশ্চিন্তাও। বাড়িতে গরু পালনকারী খলিষখালী গ্রামের আবু বক্কর সরদার বলেন, গরুর খাবার, চিকিৎসা, শ্রমিকের মজুরি ও খামার পরিচালনার খরচ আগের তুলনায় বেড়েছে। ফলে দুধ উৎপাদনের খরচও বাড়ছে।খামারিদের মতে, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দুধের দাম না পাওয়া গেলে গরু পালন করে লাভ করা কঠিন হয়ে পড়বে। ভোরের দুধের বাজারের পাশাপাশি খলিষখালীতে বর্তমানে তিনটি দুধ সংগ্রহকেন্দ্র চালু হয়েছে। দুপুর ও সন্ধ্যায় গাভি থেকে দ্বিতীয় দফায় সংগ্রহ করা দুধ এসব সংগ্রহকেন্দ্রে বিক্রি করেন খামারি ও গৃহস্থরা। ফলে দুধ বিক্রির জন্য স্থানীয় মানুষের সুযোগও বেড়েছে। নির্দিষ্ট স্থান ও আধুনিক ব্যবস্থাপনার দাবি তুলেছেন স্থানীয়রা।

এদিকে, সারমিন বেগম, মাহিন, সূমিত্রা ঘোষ, পরিনিতা ঘোষ,জয়ত্রি হোড়সহ একাধিক দুধ বিক্রেতারা বলেন, ভোরের আলো ফুটতেই তালা উপজেলার খলিষখালী বাজারে শুরু হয় কর্মচাঞ্চল্য। আমরা আশপাশের গ্রাম গুলো থেকে কেউ পায়ে হেঁটে, আবার কেউ বাইসাইকেল কিংবা ভ্যানে করে হাজির হন দুধের পাত্র নিয়ে। সকাল গড়াতেই ক্রেতা-বিক্রেতার দরদাম আর দুধ মাপা নিয়ে জমজমাট হয়ে ওঠে ঐতিহ্যবাহী এই 'দুধের বাজার'। সংবাদকর্মী শাহিন ইসলাম, বাপিসহ একাধিকরা বলেন, শত বছরের পুরোনো খলিষখালী বাজার আজও ভোরের দুধের হাটের কারণে আলাদা পরিচয় ধরে রেখেছে। একদিকে জমিদার আমলের ইতিহাস, অন্যদিকে গরু পালন করে নতুন করে জীবিকা গড়ে তোলা-দুই মিলিয়ে খলিষখালীর দুধের বাজার এখন শুধু কেনাবেচার জায়গা নয়; আশপাশের বহু পরিবারের আয়েরও গুরুত্বপূর্ণ একটি উৎস। তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ বলেন, গরু পালনের ক্ষেত্রে সুষম খাবার, নিয়মিত টিকাদান ও রোগ প্রতিরোধের বিষয়ে খামারিদের সচেতন থাকতে হবে। দুধ দোহন, সংরক্ষণ ও পরিবহনের সময় পরিচ্ছন্নতা বজায় রাখাও জরুরি। এতে দুধের মান ভালো থাকবে এবং খামারিরাও ন্যায্য দাম পাওয়ার সুযোগ পাবেন।

সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ. এম. মান্নান কবীর বলেন, শত বছরের ঐতিহ্য আর প্রতিদিন সকালে দুধ কেনাবেচার কোলাহলে মুখরিত তালা উপজেলার খলিষখালী বাজার। খামারি ও গৃহস্থদের উপস্থিতিতে জমে ওঠে বেচাকেনা। এই দুধ বিক্রির আয়েই সংসারে নতুন স্বচ্ছলতার মুখ দেখছেন শত শত পরিবার। তিনি বলেন, প্রাণিসম্পদ বিভাগের পক্ষে থেকে হাটে শৃঙ্খলা ও আধুনিক পরিবেশ নিশ্চিত করতে সুনির্দিষ্ট বাজার পরিচালনার বিষয়ে নেওয়া হবে পদক্ষেপ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত