
বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এডিপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসনাত মাহমুদ তালহার সভাপতিত্বে ঘাসফুল যুব ফোরামের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রাকিবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এডিপির ম্যানেজার সাগর জন কস্তা। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী এবং নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক। বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম শিশুদের স্বাভাবিক বিকাশ এবং শিক্ষাজীবনের পথে বড় বাধা। শিশুদের বিদ্যালয়মুখী রাখতে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে শিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষার প্রসার এবং পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।