
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে ৩৪টি কম্পিউটার ও দুটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার আওতায় থাকা এবং দুজন নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকার পরও কক্ষের তালা ভেঙে বিপুলসংখ্যক কম্পিউটার ও ল্যাপটপের মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে প্রশিক্ষণ কেন্দ্রজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাজেরা খাতুন জানান, দুর্বৃত্তরা কক্ষের তালা ভেঙে দুটি ল্যাপটপ ও ৩৪টি কম্পিউটার খুলে প্রসেসর, হার্ডডিস্কসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ নিয়ে যায়। চুরি হওয়া কম্পিউটারগুলো বিদেশি ব্র্যান্ড এইচপির অল-ইন-ওয়ান মডেলের। প্রতিটি কম্পিউটারের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। সে হিসাবে শুধু ৩৪টি কম্পিউটারের আনুমানিক মূল্যই ৩৪ লাখ টাকা। এর সঙ্গে দুটি ল্যাপটপ ও চুরি হওয়া যন্ত্রাংশের মূল্য যুক্ত হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।