
আমার স্বামীকে পাহাড়ি সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে। ২৪ ঘণ্টা পর মোবাইলে মুক্তিপণ দাবি করলে দুই দফায় ৮০ হাজার টাকা বিকাশে পাঠিয়েছি। কিন্তু গতকাল বুধবার দুপুর দেড়টা পর্যন্ত স্বামীর মুক্তি মেলেনি। চাপা আতঙ্ক নিয়ে কথাগুলো বলছিলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিনমজুর জয়নাল আবেদিনের স্ত্রী মনোয়ারা বেগম। স্বামীর ভাগ্যে কী ঘটেছে, তা-ও জানেন না তিনি। গণমাধ্যম কিংবা পুলিশকে বিষয়টি জানালে যেকোনো কিছু হতে পারে বলে তাকে ভয় দেখানো হয়েছে।
গত মঙ্গলবার সকালে পাহাড়ে কৃষিকাজ করতে গেলে জয়নালের মতো আরও ২০ থেকে ২৫ জন কৃষককে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকজন কৃষক পালিয়ে আসার চেষ্টা করলে মোহাম্মদ তাজুল নামে এক কৃষক গুরুতর আহত হন। পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগীদের কেউ থানায় লিখিতভাবে অভিযোগ জানাননি।
অপহরণের শিকার কৃষকদের মধ্যে জসিম উদ্দিন (৪৫), ফরমান উদ্দিন (৩৫), আবদুল মন্নান (৪৮), জয়লাল আবেদিন (৩৬), আবদুল গনি (৩৫) ও মোহাম্মদ জাফর (২৬)-এর নাম জানা গেছে। তাদের সবার বাড়ি উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডোয়ারপাড়া ও চত্তর মার্কেট এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, গত মঙ্গলবার সকালে পাহাড়ে বাগানের কাজে যাওয়ার সময় ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল কৃষকদের জিম্মি করে পাহাড়ের গভীর এলাকায় নিয়ে যায়।
পালিয়ে আসা এক কৃষক জানান, গত মঙ্গলবার সকালে পাহাড়ে কৃষিকাজে যাওয়ার সময় তাদের প্রত্যেককে পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে গভীর পাহাড়ে নিয়ে যায়। কয়েকজন জীবন বাজি রেখে কোনো মতে পালিয়ে আসতে পারলেও বাকিদের হাত বেঁধে আটকে রাখা হয়। তার ধারণা, যাদের আটকে রাখা হয়েছে, তাদের সংখ্যা ২০ থেকে ২৫ জন হবে। তারা নিয়মিত পাহাড়ে চাষাবাদের কাজ করেন।
অপহৃত কৃষকদের পরিবারের সদস্যরা জানান, অপহরণের ২৪ ঘণ্টা পর মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়। কয়েকজন টাকা পাঠিয়েছেন। কিন্তু এখনো তাদের মুক্তির কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দুই মাস আগেও হাইদগাঁওয়ের পাহাড়ি এলাকা থেকে অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণ দিয়ে অপহৃতরা ফিরে আসেন। পাহাড়ি এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে বলেও অভিযোগ তাঁদের।
এদিকে কৃষকদের অপহরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের দ্রুত উদ্ধার এবং পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। বিষয়টি শুনে পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। পুলিশের স্পেশাল টিম ঘটনাটি পর্যবেক্ষণ করছে।