
কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের বাটরা গাববাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি করগাঁও কাটুকদিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা নিয়ে সোহেল মিয়ার শ্বশুড় ও তার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উভয়পক্ষ তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কালু মিয়া সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন। ফলে সোহেল গুরুতর আহত হন। এমতাবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।