প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৫ মার্চ, ২০২৬
ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশ মানবসভ্যতার নানা ক্ষেত্রকে নতুনভাবে রূপান্তরিত করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানবসভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে আবির্ভূত হয়েছে। একসময় যা শুধু বিজ্ঞান কল্পকাহিনির বিষয় ছিল। আজ তা বাস্তব জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, প্রশাসন, যোগাযোগ- সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ বিস্তৃত হচ্ছে। এই প্রযুক্তি শুধু কাজের ধরনই পরিবর্তন করছে না। বরং সমাজের অগ্রাধিকার ও মূল্যবোধের দিকেও উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।
ফলে প্রশ্ন উঠছে- কৃত্রিম বুদ্ধিমত্তা কী মানবসমাজকে আরও উন্নত ও সমৃদ্ধ করছে, নাকি এটি নতুন সামাজিক চ্যালেঞ্জ তৈরি করছে? কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজের অর্থনৈতিক কাঠামো এবং কর্মসংস্থানের অগ্রাধিকারকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। স্বয়ংক্রিয় প্রযুক্তি ও মেশিন লার্নিংয়ের মাধ্যমে বহু কাজ দ্রুত এবং নিখুঁতভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। শিল্পকারখানায় রোবটের ব্যবহার, ব্যাংকিং খাতে স্বয়ংক্রিয় সেবা, ই-কমার্সে ডেটা বিশ্লেষণ, পরিবহন এবং তথ্যপ্রযুক্তি খাতে এআই উৎপাদনশীলতা বৃদ্ধি করেছে। ফলে প্রতিষ্ঠানগুলো এখন দক্ষতা, প্রযুক্তি জ্ঞান এবং উদ্ভাবনী ক্ষমতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে এর একটি নেতিবাচক দিকও রয়েছে। অনেক শ্রমনির্ভর কাজ ধীরে ধীরে স্বয়ংক্রিয় হয়ে যাওয়ায় কর্মসংস্থানের ধরনে পরিবর্তন আসছে। অনেক মানুষ চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন। যদিও নতুন প্রযুক্তিনির্ভর পেশার সৃষ্টি হচ্ছে। কিন্তু সেই সুযোগ গ্রহণের জন্য প্রয়োজন উন্নত দক্ষতা ও প্রশিক্ষণ। বিধায় সমাজে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের অগ্রাধিকার এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, স্মার্ট ক্লাসরুম, স্বয়ংক্রিয় মূল্যায়ন ব্যবস্থার, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এবং এআইভিত্তিক শিক্ষাসহায়ক প্রযুক্তি শিক্ষার্থীদের জন্য জ্ঞান অর্জনের নতুন সুযোগ তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের শেখার ধরন বিশ্লেষণ করে তাদের জন্য উপযোগী শিক্ষাসামগ্রী প্রদান করতে পারে। তাই ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা আরও কার্যকর হয়ে উঠছে। কিন্তু একই সাথে একটি প্রশ্নও দেখা দিয়েছে। প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও স্বাধীন চিন্তাশক্তিকে ক্ষতিগ্রস্ত করবে? অনেক শিক্ষাবিদ মনে করেন, প্রযুক্তি শিক্ষার সহায়ক হলেও মানবিক শিক্ষা ও সমালোচনামূলক চিন্তার বিকাশ সমানভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া প্রযুক্তির অসম প্রাপ্যতা সামাজিক বৈষম্যকে আরও বাড়িয়ে দিতে পারে।
উন্নত প্রযুক্তির সুবিধা যেখানে শহরাঞ্চলের শিক্ষার্থীরা সহজে পাচ্ছে। অন্যদিকে গ্রামাঞ্চলের অনেক শিক্ষার্থী এখনও সেই সুযোগ থেকে বঞ্চিত। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজের অগ্রাধিকারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা এবং স্বাস্থ্যঝুঁকি বিশ্লেষণে এআই প্রযুক্তি ব্যবহারের ফলে চিকিৎসা ব্যবস্থায় গতি ও নির্ভুলতা বেড়েছে। আধুনিক চিকিৎসা গবেষণায় এআই অ্যালগরিদম ব্যবহারের ফলে জটিল রোগ নির্ণয় সহজ হয়েছে এবং চিকিৎসা প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ, মেডিকেল ইমেজ বিশ্লেষণের মাধ্যমে অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত রোগ শনাক্ত করতে সাহায্য করছে। এতে চিকিৎসা সেবার মান উন্নত হওয়ার পাশাপাশি সময় ও ব্যয় কমছে। তবে ব্যক্তিগত স্বাস্থ্য তথ্যের নিরাপত্তা এবং প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতার কারণে চিকিৎসা নৈতিকতার নতুন প্রশ্নও সামনে এসেছে। সামাজিক যোগাযোগ ও তথ্যপ্রবাহের ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা গভীর প্রভাব ফেলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এআই অ্যালগরিদম ব্যবহার করে ব্যবহারকারীদের আগ্রহ অনুযায়ী কনটেন্ট প্রদর্শন করা হয়। এর ফলে মানুষ দ্রুত তথ্য পেতে পারে এবং যোগাযোগ সহজ হয়। কিন্তু একই সাথে ভুয়া খবর বা বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। অনেক ক্ষেত্রে অ্যালগরিদমিক পক্ষপাতিত্ব সামাজিক মতামতকে প্রভাবিত করতে পারে। যা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। ফলে গণতান্ত্রিক সমাজে তথ্যের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নৈতিকতা ও মানবিক মূল্যবোধের প্রশ্নেও কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন বিতর্ক সৃষ্টি করেছে। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই প্রশ্ন উঠছে- মেশিন কি মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে? যদি কোনো এআই সিস্টেম ভুল সিদ্ধান্ত নেয়, তার দায়ভার কার উপর পড়বে? অনেক বিশেষজ্ঞ মনে করেন, প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি এর ব্যবহার নিয়ন্ত্রণের জন্য শক্তিশালী নীতিমালা প্রয়োজন। নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব না দিলে প্রযুক্তি সমাজে নতুন ধরনের সংকট সৃষ্টি করতে পারে। তাই অনেক দেশ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য নৈতিক নির্দেশিকা ও নিয়ন্ত্রক কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে।
এছাড়া সামাজিক বৈষম্যের ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। উন্নত প্রযুক্তির সুবিধা সাধারণত উন্নত দেশ ও ধনী সমাজ বেশি পায়। ভবিষ্যতে প্রযুক্তিগত সক্ষমতার পার্থক্য সমাজে নতুন ধরনের বৈষম্য সৃষ্টি করতে পারে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ।
যদি প্রযুক্তি শিক্ষা ও গবেষণায় যথেষ্ট বিনিয়োগ না করা হয়। তাহলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। তাই আমাদের প্রযুক্তি শিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি। তবে সব চ্যালেঞ্জের মধ্যেও কৃত্রিম বুদ্ধিমত্তা মানবসমাজের জন্য অসীম সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। সঠিক নীতিমালা, দক্ষ জনশক্তি এবং মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারলে এই প্রযুক্তি সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে টেকসই উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু একটি প্রযুক্তি নয়। এটি সমাজের অগ্রাধিকারের কাঠামোকেই নতুনভাবে গড়ে তুলছে।
কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রবাহ এবং নৈতিকতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে এর প্রভাব ক্রমশ বিস্তৃত হচ্ছে। তাই এই প্রযুক্তিকে মানবকল্যাণের পথে ব্যবহার করতে হলে সচেতনতা, দক্ষতা এবং দায়িত্বশীলতার সমন্বয় অপরিহার্য। মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন নিশ্চিত করতে পারলেই এটি সমাজের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। অন্যথায় এটি নতুন সামাজিক সংকটের কারণও হতে পারে। ভবিষ্যতের সমাজে তাই প্রযুক্তি ও মানবিকতার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
মুহাম্মদ জাহাঙ্গীর ইসলাম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়