প্রিন্ট সংস্করণ
০০:০০, ১০ এপ্রিল, ২০২৬
বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বাঙালির জীবনে এক অনন্য উৎসবের নাম। এটি শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও আনন্দের প্রতীক।
শহরের জাঁকজমকপূর্ণ আয়োজনের পাশাপাশি গ্রামীণ জনপদে পহেলা বৈশাখ উদযাপনের দৃশ্য ভিন্ন এক সৌন্দর্য বহন করে। গ্রামীণ জীবনে বৈশাখের ছোঁয়া যেন আরও প্রাণবন্ত, আরও আন্তরিক, আরও আপন। গ্রামে পহেলা বৈশাখের সূচনা হয় ভোরের আলো ফুটতেই।
ভোরের স্নিগ্ধ হাওয়ায়, কোকিলের ডাক আর শিশিরভেজা মাঠের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীরা আয়োজন করে প্রভাতফেরি। ‘এসো হে বৈশাখ, এসো এসো’- এই গান গেয়ে তারা নতুন বছরকে বরণ করে নেয়।
ছেলেরা সাধারণত সাদা পায়জামা ও লাল পাঞ্জাবি পরে, আর মেয়েরা সাদা শাড়ি লাল পাড়ে সজ্জিত হয়ে অংশগ্রহণ করে। তাদের এই সাজ-পোশাক যেন বাঙালির ঐতিহ্যেরই প্রতিচ্ছবি। ছোট ছোট শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী, এমনকি বয়স্ক মানুষরাও এই প্রভাতফেরিতে যোগ দেয়, যা গ্রামীণ জীবনের এক মিলনমেলায় পরিণত হয়। প্রভাতফেরি শেষে শুরু হয় নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন। গ্রামের স্কুল মাঠ কিংবা খোলা প্রান্তরে বসে বৈশাখী অনুষ্ঠান।
সেখানে থাকে গান, কবিতা আবৃত্তি, নাচ এবং নাটক। স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরে, আর গ্রামবাসী তা উপভোগ করে আনন্দের সঙ্গে। এসব অনুষ্ঠানে গ্রামীণ সংস্কৃতির ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে, যা শহুরে আয়োজনের তুলনায় অনেক বেশি স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত।
পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ হলো গ্রামীণ মেলা। গ্রামের বিভিন্ন স্থানে বসে এই মেলা, যা মানুষের মিলনস্থলে পরিণত হয়। মেলায় পাওয়া যায় মাটির তৈরি হাঁড়ি-কলস, খেলনা, বাঁশের তৈরি জিনিসপত্র, শীতল পাটি, হাতপাখা এবং নানান ধরনের হস্তশিল্প। এসব পণ্যে গ্রামীণ কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় মেলে। মেলায় ঘুরে বেড়ানো মানুষদের মুখে থাকে আনন্দের হাসি, আর শিশুদের চোখে দেখা যায় বিস্ময় ও উচ্ছ্বাস।
মেলার আরেকটি বড় আকর্ষণ হলো নাগরদোলা ও বায়োস্কোপ। ছোট-বড় সবাই নাগরদোলায় চড়ে আনন্দ উপভোগ করে। বায়োস্কোপের রঙিন ছবির ভেতর দিয়ে তারা দেখে ভিন্ন এক জগৎ, যা তাদের কল্পনাকে ডানা মেলে দেয়। এছাড়াও মেলায় থাকে বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে।
গ্রামীণ বৈশাখের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক সম্প্রীতি। এই দিনে গ্রামের সব শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়। ধনী-গরিব, ছোট-বড়- সবাই ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে।
একে অপরের বাড়িতে যাওয়া-আসা, মিষ্টি বিনিময়, শুভেচ্ছা আদান-প্রদান- এসবের মাধ্যমে গড়ে ওঠে পারস্পরিক সম্পর্কের দৃঢ় বন্ধন। বৈশাখ যেন গ্রামীণ জীবনে এক নতুন প্রাণের সঞ্চার করে।
খাবারের ক্ষেত্রেও বৈশাখী উৎসবের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। গ্রামে এই দিনে বিশেষ খাবারের আয়োজন করা হয়। পান্তা ভাত, ইলিশ মাছ, ভর্তা, পিঠাণ্ডপুলি- এসব খাবার যেন বৈশাখের অবিচ্ছেদ্য অংশ। পরিবারের সবাই একসঙ্গে বসে এই খাবার উপভোগ করে, যা পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে।
তবে আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ বৈশাখেও কিছু পরিবর্তন এসেছে। এখন অনেক জায়গায় মাইক ব্যবহার করে গান বাজানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করা হয়, এমনকি শহরের কিছু প্রভাবও গ্রামে দেখা যায়। তবুও গ্রামীণ বৈশাখ তার নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছে। এখানকার সরলতা, আন্তরিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্য উৎসবটিকে করে তোলে আরও বিশেষ।
বর্তমান সময়ে প্রযুক্তির উন্নয়ন ও নগরায়ণের প্রভাবে গ্রামীণ সংস্কৃতি কিছুটা হুমকির মুখে পড়েছে। তবুও পহেলা বৈশাখ সেই সংস্কৃতিকে টিকিয়ে রাখার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে। নতুন প্রজন্মের মধ্যে এই উৎসবের প্রতি আগ্রহ তৈরি করা এবং গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। সবশেষে বলা যায়, গ্রামীণ জীবনে বৈশাখের ছোঁয়া এক অনন্য অভিজ্ঞতা।
এটি শুধু একটি উৎসব নয়, বরং বাঙালির হৃদয়ের আবেগ, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিফলন। গ্রামে বৈশাখ মানেই আনন্দ, মিলন, এবং নতুন করে বেঁচে থাকার প্রেরণা। এই ঐতিহ্য চিরকাল বাঙালির জীবনকে সমৃদ্ধ করুক- এই কামনাই রইল।
ওরাইনা খাঁন চৌধুরী
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়