
রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীরে (ব্লেনডেড) ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যবস্থায় সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে, যার মধ্যে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে পাঠদান হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ-সহ কয়েকটি প্রতিষ্ঠানে এই পদ্ধতি চালু করা হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে। এর মধ্যে তিন দিন সশরীরে—শনিবার, সোমবার ও বুধবার; এবং তিন দিন অনলাইনে—রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার পাঠদান করা হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।
মন্ত্রী আরও জানান, শিক্ষকেরা প্রতিষ্ঠানেই উপস্থিত থেকে অনলাইন ক্লাস নেবেন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সক্ষমতা রয়েছে, সেগুলোতে পর্যায়ক্রমে এই ব্লেনডেড পদ্ধতি চালু করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, এ বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সিদ্ধান্তটি সে আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে। ঢাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ব্যবস্থা চালুর বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।