প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকার ফুটপাত কি সত্যিই পথচারীদের জন্য? রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে বসেছে হকারদের দোকান, কোথাও আবার পার্ক করা গাড়ি ও নানা সামগ্রী। ফলে পথচারীদের অনেক সময় বাধ্য হয়ে মূল সড়কে হাঁটতে হয়। আর সেই সড়কে যখন পাশ দিয়ে দ্রুতগতির গাড়ি চলাচল করে, তখন স্বাভাবিক হাঁটাটুকুও হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। অনেক সময় গাড়ি এত কাছ দিয়ে যায় যে গা ঘেঁষে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়; অসতর্কতার মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনাও। ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজসহ রাজধানীর ব্যস্ত এলাকাগুলোতে এমন দৃশ্য নিত্যদিনের। নিউমার্কেট, গুলিস্তানসহ ব্যস্ত এলাকাগুলোতে ফুটপাত দখল করে হকাররা বসায় পথচারীদের হাঁটার সমস্যা হয়, পাশাপাশি যানজটও সৃষ্টি হয়। হকারদের জীবিকার বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের জীবিকার সমাধান পথচারীর নিরাপত্তা কেড়ে নিয়ে হতে পারে না। নির্দিষ্ট হকার জোন, নিয়মিত তদারকি ও ফুটপাত দখলমুক্ত রাখার কার্যকর ব্যবস্থা প্রয়োজন। আমাদের করণীয় হলো- ফুটপাত দখল না করা, যেখানে-সেখানে গাড়ি পার্ক না করা এবং ফুটপাত দখল বা অব্যবস্থাপনা দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো। পাশাপাশি হকারদের জন্য নির্দিষ্ট স্থান ব্যবহারে সহযোগিতা করা প্রয়োজন। এতে পথচারীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং যানজটও অনেকটা নিয়ন্ত্রণে আসবে। নিরাপদে হাঁটা কোনো বিলাসিতা নয়; একজন নাগরিকের ন্যায্য অধিকার। সেই অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র, কর্তৃপক্ষ ও নাগরিক সবার।
লেখক : শিক্ষার্থী, সমাজবিজ্ঞান, ইডেন মহিলা কলেজ, ঢাকা।