ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর নির্দেশনা

রাজধানীর লেক বাঁচাতে চাই কার্যকর উদ্যোগ

রাজধানীর লেক বাঁচাতে চাই কার্যকর উদ্যোগ

রাজধানী ঢাকার গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেক শুধু নগরীর সৌন্দর্য বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি ধারণ এবং নগরবাসীর স্বস্তিদায়ক জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ অপরিকল্পিত নগরায়ণ, পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্যের দূষণে এসব লেকের পরিবেশ আজ হুমকির মুখে। এমন পরিস্থিতিতে লেকগুলোর দূষণ রোধ ও পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা সময়োপযোগী।

গুলশান লেকে দূষিত পানি ও পয়ঃবর্জ্য প্রবেশের ছয়টি প্রাথমিক ও ছয়টি মাধ্যমিক পথ চিহ্নিত হওয়ার বিষয়টি উদ্বেগজনক। এটি স্পষ্ট করে যে, লেকের দূষণ শুধু পরিচ্ছন্নতার অভাব নয়; এর সঙ্গে নগরীর অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, অবৈধ সংযোগ এবং ভবনভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা জড়িত। ফলে শুধু লেকের পানি পরিষ্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। দূষণের উৎস বন্ধ করাই হতে হবে প্রধান লক্ষ্য।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভাসমান বর্জ্য অপসারণে যান্ত্রিক নৌকার সংখ্যা দুটি থেকে বাড়িয়ে ১০টিতে উন্নীত করা, লেকের তলদেশের স্লাজ অপসারণ এবং ভবনভিত্তিক পয়ঃবর্জ্য শোধনাগার স্থাপনের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি অবৈধ পয়ঃনিষ্কাশন সংযোগ শনাক্ত ও বন্ধে ঢাকা ওয়াসা এবং দুই সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা, দায়িত্ব বণ্টন ও নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি।

লেকের পানিতে অক্সিজেনের মাত্রা বাড়ানো, দুর্গন্ধ দূর করা এবং দীর্ঘমেয়াদি পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাবও ইতিবাচক। কিন্তু এসব উদ্যোগের সুফল পেতে হলে পরিবেশগত মান নিয়মিত পরীক্ষা করতে হবে। একই সঙ্গে দূষণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

রাজউকের পাঁচটি বিশেষ পরিচ্ছন্নতা দল গঠনও একটি উল্লেখযোগ্য উদ্যোগ। তবে লেক রক্ষার দায়িত্ব কোনো একক সংস্থার নয়। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

রাজধানীর লেকগুলোকে বাঁচানো মানে নগরীর পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য রক্ষা করা। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা যেন শুধু বৈঠকের সিদ্ধান্তে সীমাবদ্ধ না থাকে। প্রয়োজন ধারাবাহিক বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি। নগরবাসীর অংশগ্রহণ নিশ্চিত করে লেকগুলোকে দূষণমুক্ত ও প্রাণবন্ত করে তোলাই হোক সংশ্লিষ্ট সবার অঙ্গীকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত