প্রিন্ট সংস্করণ
০০:০০, ০২ অক্টোবর, ২০২৬
বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এখনো অনেকটাই কৃষিনির্ভর। গ্রামের মানুষের আয়, জীবিকা ও কর্মসংস্থানের সঙ্গে কৃষির সম্পর্ক অনেক পুরোনো। তবে শুধু প্রচলিত ফসলের ওপর নির্ভর করে কৃষকের আয় বাড়ানো সহজ নয়। তাই আয়ের নতুন সুযোগ খুঁজে দেখা জরুরি। এ ক্ষেত্রে ঔষধি গাছের চাষ গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করতে পারে। সঠিক পরিকল্পনা ও ভালো বাজারব্যবস্থা গড়ে উঠলে ঔষধি চাষ গ্রামীণ অর্থনীতিতে নতুন দ্বার খুলে দিতে পারে। বিশেষ করে কৃষি জমির সর্বোত্তম ব্যবহার, আয় বৃদ্ধির নতুন পথ এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরির প্রয়োজনীয়তা ঔষধি চাষের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের দেশে প্রাকৃতিকভাবে জন্মানো ও চাষযোগ্য নানা ধরনের ঔষধি উদ্ভিদ রয়েছে।
তুলসী, থানকুনি, অ্যালোভেরা, নিম, কালোজিরা, হলুদ ও আদার মতো গাছপালা মানুষের কাছে দীর্ঘদিন ধরেই পরিচিত। এসব উদ্ভিদ বাড়ির আঙিনা, পতিত জমি কিংবা অন্যান্য ফসলের পাশাপাশি চাষ করা সম্ভব। ফলে কৃষক প্রচলিত ফসলের পাশাপাশি ঔষধি উদ্ভিদ চাষ করে বাড়তি আয় করার সুযোগ পাবেন। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি গ্রামের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
ঔষধি চাষের বাণিজ্যিক সম্ভাবনা শুধু গাছ চাষ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি ঔষধি গাছ জমি থেকে বাজারে পৌঁছানো পর্যন্ত সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেট করা ও বিক্রির মতো নানা কাজ করতে হয়। এসব কাজে গ্রামের অনেক মানুষ যুক্ত হতে পারেন। এর ফলে একজন কৃষকের উৎপাদিত ফসল কে শুধু কৃষকেরই নয় প্যাকেজিং কর্মী,পরিবহনকর্মী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে।
একটি ফসলের উৎপাদন থেকে শুরু করে সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অনেক মানুষের কর্মসংস্থান ও জীবিকার পথ তৈরি হতে পারে। এর ফলে ঔষধি চাষকে ঘিরে স্থানীয়ভাবে ছোটখাটো ব্যবসা গড়ে উঠবে এবং অনেকের কাজের সুযোগ তৈরি হবে। পাশাপাশি গ্রামের মানুষের আয় বাড়বে এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। গ্রামীণ নারীদের জন্যও ঔষধি চাষে কাজের ভালো সুযোগ রয়েছে। বাড়ির আশপাশের অল্প জায়গায় ঔষধি গাছ চাষ, চারা উৎপাদন, উদ্ভিদ সংগ্রহ ও প্রাথমিকভাবে প্রক্রিয়াজাত করার কাজে নারীরা সহজেই যুক্ত হতে পারেন। এর মাধ্যমে তারা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন। পাশাপাশি পরিবারের আয় বাড়াতে অবদান রাখার পাশাপাশি নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণও বাড়বে। দেশের ঔষধ ও হারবাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ঔষধি উদ্ভিদের কাঁচামালের প্রয়োজন রয়েছে।
এসব প্রতিষ্ঠানের সঙ্গে কৃষকদের কার্যকর বাজার সংযোগ তৈরি করা গেলে উৎপাদিত ঔষধি উদ্ভিদের জন্য একটি নির্ভরযোগ্য বাজার গড়ে উঠতে পারে। এতে কৃষকরা সম্ভাব্য ক্রেতা ও বাজারের চাহিদা সম্পর্কে আগেই ধারণা নিতে পারবেন। পাশাপাশি মানসম্মত উৎপাদন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এসব ঔষধি উদ্ভিদ প্রক্রিয়াজাত করে ঔষধ ও হারবাল পণ্য হিসেবে বাজারে পৌঁছানোর সুযোগও তৈরি হতে পারে। পাশাপাশি মানসম্মত উৎপাদন নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রক্রিয়াজাত ঔষধি পণ্য বিদেশের বাজারেও পৌঁছানোর সুযোগ তৈরি হতে পারে। তবে এক্ষেত্রে উৎপাদনের পরিমাণের পাশাপাশি গুণগত মান, সঠিক সংরক্ষণ এবং নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থার উপর গুরুত্ব দিতে হবে। তাহলে কৃষকের উৎপাদন শিল্পের প্রয়োজনের সঙ্গে কার্যকর ভাবে যুক্তি হতে পারে।
গ্রামের নারীদের জন্যও ঔষধি চাষের এ খাতে কাজের সুযোগ রয়েছে। বাড়ির আঙিনা বা অল্প জায়গায় ঔষধি গাছ চাষ, চারা উৎপাদন, উদ্ভিদ সংগ্রহ, শুকানো ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের কাজে নারীরা যুক্ত হতে পারেন। এর মাধ্যমে তাদের আয় বাড়তে পারে এবং পরিবারে আর্থিকভাবে অবদান রাখার সুযোগ তৈরি হবে। একইভাবে স্থানীয় তরুণদের এ কাজে যুক্ত করা গেলে গ্রামেই কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। তবে সম্ভাবনার পাশাপাশি এ খাতে কিছু বাস্তব সমস্যাও রয়েছে। অনেক কৃষক ঔষধি উদ্ভিদের সঠিক চাষ পদ্ধতি, বাজারের চাহিদা ও মূল্য সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানেন না। মানসম্মত চারা পাওয়া, উৎপাদিত পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ন্যায্য দামে বিক্রির ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতা রয়েছে। অনেক সময় বাজার সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় কৃষক উৎপাদিত পণ্যের সঠিক দাম পান না। তাই ভালো বাজারব্যবস্থা নিশ্চিত না করে শুধু কৃষকদের উৎসাহিত করলে কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে।
এ খাতকে এগিয়ে নিতে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। এজন্য কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক চাষাবাদ পদ্ধতি, উৎপাদন কৌশল ও বাজারব্যবস্থা সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সংরক্ষণকেন্দ্র গড়ে তোলা গেলে উৎপাদিত পণ্যের সঠিক সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি বিক্রেতা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ ও সমন্বয় তৈরি করা প্রয়োজন। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমবে, কৃষক ও উৎপাদকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাবেন এবং পুরো খাতটি আরও টেকসই ও সমৃদ্ধ হয়ে উঠবে।
পরিকল্পিতভাবে এগোতে পারলে ভবিষ্যতে ঔষুধি চাষকে ঘিরে গ্রামভিত্তিক ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা তৈরির সুযোগ ও বাড়তে পারে। ঔষধি চাষকে শুধু একটি বিকল্প ফসল হিসেবে দেখলে এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না। এই খাতের উন্নয়নের সঙ্গে কৃষি, বাজারব্যবস্থা, প্রক্রিয়াজাতকরণ শিল্প, উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের বিষয়গুলোকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। সঠিক পরিকল্পনা, কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কার্যকর বাজারব্যবস্থা গড়ে তোলা গেলে ঔষধি চাষ গ্রামীণ মানুষের বাড়তি আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে। একই সঙ্গে এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও সক্রিয় ও শক্তিশালী হবে।
পরিকল্পিত বিনিয়োগ ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে গ্রামীণ উন্নয়নের মূলধারা যুক্ত করতে পারলে ওষুধি চাষ হয়ে উঠতে পারে স্বনির্ভর ও সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।
লেখক : শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ, ইডেন মহিলা কলেজ