ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

পরিবেশবান্ধব গণপরিবহনে বৈদ্যুতিক বাসের নতুন সম্ভাবনা

পরিবেশবান্ধব গণপরিবহনে বৈদ্যুতিক বাসের নতুন সম্ভাবনা

নগরজীবনে বায়ুদূষণ, যানজট ও পরিবহন সংকট ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশেষ করে রাজধানী ঢাকার বায়ুদূষণের অন্যতম উৎস যানবাহনের ধোঁয়া। প্রচলিত জ্বালানিনির্ভর গণপরিবহনের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই পরিবহনব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। এ বাস্তবতায় আগামী তিন বছরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) জন্য এক হাজার বৈদ্যুতিক বাস আমদানির সরকারি পরিকল্পনা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। পরিকল্পনাটি যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের গণপরিবহন খাতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিকল্পনা অনুযায়ী, এক হাজার বাসের মধ্যে ঢাকায় চলাচলের জন্য বরাদ্দ রাখা হবে ২০০টি। বাকি ৮০০টি দেশের অন্যান্য অঞ্চলের বিভিন্ন রুটে পরিচালিত হবে। প্রথম পর্যায়ে ঢাকার জন্য ৫০টি বাস আনার পরিকল্পনা রয়েছে। এরপর আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসার কথা। এই বহরে নারী যাত্রীদের জন্য ৫০টি গোলাপি রঙের বাস এবং সাধারণ যাত্রীদের জন্য ৫০টি লাল রঙের বাস রাখার পরিকল্পনাও রয়েছে। নারীদের জন্য নির্ধারিত বাসগুলো হবে ৯ মিটার দীর্ঘ এবং সাধারণ বাসগুলো ১২ মিটার দীর্ঘ। নারীদের জন্য পৃথক বাসসেবা চালুর উদ্যোগ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ।

তবে বৈদ্যুতিক বাস আমদানি করলেই পরিবহনব্যবস্থা পরিবেশবান্ধব হয়ে উঠবে না। এর সফল পরিচালনার জন্য প্রয়োজন পর্যাপ্ত চার্জিং স্টেশন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দক্ষ চালক, প্রশিক্ষিত কারিগরি জনবল এবং আধুনিক রক্ষণাবেক্ষণব্যবস্থা। বাসের ব্যাটারির আয়ুষ্কাল, পরিবর্তন ব্যয় ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একই সঙ্গে বিদ্যুতের উৎস কতটা পরিবেশবান্ধব, সেটিও মাথায় রাখা জরুরি। এসব অবকাঠামো ও ব্যবস্থাপনা নিশ্চিত না করে বিপুলসংখ্যক বৈদ্যুতিক বাস আমদানি করলে প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে।

এ ক্ষেত্রে বিআরটিসির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাস পরিচালনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। কোন রুটে কতটি বাস চলবে, যাত্রী চাহিদা কেমন, ভাড়া কত হবে এবং বাসের সময়সূচি কীভাবে নির্ধারিত হবে— এসব বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত প্রয়োজন। রাজধানীর বাইরে বাস পরিচালনার ক্ষেত্রেও আঞ্চলিক চাহিদা ও সড়ক অবকাঠামো বিবেচনায় নিতে হবে। বৈদ্যুতিক বাসের সুফল যেন শুধু রাজধানীকেন্দ্রিক না হয়, তা নিশ্চিত করা জরুরি।

নারীদের জন্য পিংক বাস চালুর উদ্যোগের সঙ্গে নারী চালক তৈরির পরিকল্পনাটিও গুরুত্বপূর্ণ। হালকা যানবাহন চালানোর লাইসেন্সধারী নারীদের বিনা মূল্যে ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টির নতুন সুযোগ তৈরি করবে। প্রাথমিকভাবে এক থেকে চার মাসের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নারী চালক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণ শেষে যোগ্যতা অনুযায়ী তাদের নিয়োগের সুযোগও রাখা হচ্ছে। এটি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হতে পারে। তবে শুধু প্রশিক্ষণ দিলেই হবে না, কর্মক্ষেত্রে নিরাপত্তা, উপযুক্ত কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও পদোন্নতির সুযোগও নিশ্চিত করতে হবে।

পাশাপাশি সড়ক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য অর্জনে দক্ষ চালক তৈরির বিকল্প নেই। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে বিআরটিসির প্রশিক্ষণ কার্যক্রম এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে প্রশিক্ষণের পাশাপাশি চালকদের নিয়মিত দক্ষতা যাচাই, ট্রাফিক আইন মানার সংস্কৃতি এবং গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে।

আমরা মনে করি, এক হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনাকে বিচ্ছিন্ন কোনো প্রকল্প হিসেবে দেখার সুযোগ নেই। এটি হওয়া উচিত দেশের সামগ্রিক গণপরিবহন সংস্কার ও পরিবেশ সুরক্ষার দীর্ঘমেয়াদি কৌশলের অংশ। বাস আমদানির পাশাপাশি চার্জিং অবকাঠামো, রক্ষণাবেক্ষণ, যাত্রীসেবা, নিরাপত্তা এবং দক্ষ জনবল তৈরিতে সমান গুরুত্ব দিতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিও নিশ্চিত করা প্রয়োজন।

পরিবেশবান্ধব গণপরিবহন শুধু দূষণ কমায় না, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও ভূমিকা রাখে। তাই সরকারের এ উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি প্রত্যাশা, পরিকল্পনাটি যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। যথাযথ বাস্তবায়ন ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে বৈদ্যুতিক বাস দেশের গণপরিবহন খাতে নতুন দিগন্ত উন্মোচন করুক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত