প্রিন্ট সংস্করণ
০০:০০, ০৩ অক্টোবর, ২০২৬
বর্তমানে মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে এবং এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রথম ও দ্বিতীয়পত্রের প্রশ্নপত্রে কোনো বিকল্প প্রশ্ন রাখা হয় না, যা দুর্বল শিক্ষার্থীদের কাছে ভীতিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা যখন নব্বইয়ের দশকে লেখা-পড়া করতাম তখন ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের লিখিত আংশের প্রায় প্রতিটি প্রশ্নে বিকল্প প্রশ্ন রাখা হতো। যেমন— ইংরেজি প্রথমপত্রে যতটুকু মনে পরে Paragraph থাকত তিনটি, Letter থাকত দুইটি, ইংরেজি দ্বিতীয়পত্রে Paragraph থাকত তিনটি, Application থাকত দুইটি, Essay/Composition থাকত তিনটি, যা থেকে একটি করে লিখতে হতো। বর্তমানে এমন সুযোগ প্রশ্নপত্রে থাকে না। এর ফলে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীরা সব প্রশ্নের উত্তর যথাযথভাবে লিখতে পারে না। এবারের সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল বিপর্যয়ের পেছনে ভূমিকা রেখেছে ইংরেজিতে দুর্বল ফল।
সবচেয়ে অবাক করা বিষয় হলো— বাংলা দ্বিতীয়পত্রের লিখিত অংশে প্রতিটি প্রশ্নে এখনো নব্বইয়ের দশকের মতো বিকল্প প্রশ্ন রাখা হয়, অথচ ইংরেজিতে বিকল্প প্রশ্ন রাখা হয় না। মনে প্রশ্ন জাগে, তাহলে কি বর্তমান যুগের শিক্ষার্থীরা বাংলা বিষয়ের থেকে ইংরেজি বিষয়ে বেশি সবল! আমার তা মনে হয় না।
সুতরাং পিছিয়ে পড়া ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের কথা চিন্তা করে এখন থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে এবং এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রথম ও দ্বিতীয়পত্রের প্রশ্নপত্রে বিকল্প প্রশ্ন রাখার বিষয়টি ভেবে দেখার জন্য শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
লেখক : সহকারী প্রধান শিক্ষক, বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া