ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি চাই

শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি চাই

শিল্পকারখানার উৎপাদন সচল রাখা এবং দেশের অর্থনীতির গতি ধরে রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের বিকল্প নেই।

বিশেষ করে তৈরি পোশাক, বস্ত্র, স্পিনিং ও ডাইং শিল্পের উৎপাদন অনেকাংশেই জ্বালানির ওপর নির্ভরশীল। গ্যাসের চাপ কমে যাওয়া কিংবা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে শুধু উৎপাদনই ব্যাহত হয় না, বাড়ে উৎপাদন ব্যয়, সময়মতো পণ্য সরবরাহে তৈরি হয় অনিশ্চয়তা এবং রপ্তানি আদেশ হারানোর ঝুঁকিও দেখা দেয়। এ বাস্তবতায় শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ ও চাপ বাড়ায় উৎপাদন পরিস্থিতির উন্নতি হওয়া স্বস্তিদায়ক।

সংশ্লিষ্ট শিল্পোদ্যোক্তাদের বক্তব্য এবং পেট্রোবাংলার তথ্যেও গ্যাস সরবরাহ বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে। দৈনিক গ্যাস সরবরাহ এক মাসের ব্যবধানে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট বেড়ে গড়ে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে। এর ফলে গ্যাসনির্ভর অনেক শিল্পকারখানা উৎপাদনে ফিরেছে। বিশেষ করে গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। সরকারের উদ্যোগে জ্বালানি সরবরাহ বাড়ানোর এ অগ্রগতি শিল্প খাতের জন্য ইতিবাচক। তবে সাময়িক উন্নতিতে সন্তুষ্ট থাকার সুযোগ নেই। কারণ শিল্পোদ্যোক্তাদের মতে, বর্তমান গ্যাস সরবরাহ এখনও চাহিদার তুলনায় কম। কিছু এলাকায় উৎপাদন সচল রাখতে বিকল্প জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়ে যায়, যা শেষ পর্যন্ত পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে প্রভাবিত করে। বারবার গ্যাসের চাপ ওঠানামা করলে শিল্পকারখানার উৎপাদন পরিকল্পনাও বাধাগ্রস্ত হয়।

এ অবস্থায় শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। শুধু আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভর না করে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, অপচয় ও সিস্টেম লস কমানো এবং সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শিল্প খাত দেশের কর্মসংস্থান, রপ্তানি আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। তাই এ খাতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির স্বার্থেই গুরুত্বপূর্ণ। সরকারের সাম্প্রতিক উদ্যোগের ইতিবাচক ধারাবাহিকতা বজায় রেখে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। শিল্পকারখানায় উৎপাদনের চাকা সচল থাকলেই অর্থনীতিতে কাঙ্ক্ষিত গতি সঞ্চার হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত