প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৬ নভেম্বর, ২০২৬
উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন এবং মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মাণ এখন সময়ের দাবি। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের নদীগুলো যেমন প্রকৃতির সৌন্দর্য ও অর্থনীতির প্রাণ, তেমনি অনেক ক্ষেত্রে যোগাযোগের প্রতিবন্ধকতা হিসেবেও মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে যমুনা নদীর কারণে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগে দীর্ঘদিন ধরে নানা সমস্যা বিদ্যমান। গাইবান্ধার বালাসীঘাট ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে একটি স্থায়ী সেতু নির্মাণ হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে। তাই প্রশ্ন জাগে, বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মাণ হবে না কেন?
উত্তরাঞ্চলের মানুষের কাছে বালাসী-বাহাদুরাবাদ সেতু শুধু একটি যোগাযোগ অবকাঠামো নয়, এটি উন্নয়ন, সম্ভাবনা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষকে রাজধানী ও দেশের পূর্বাঞ্চলে যাতায়াত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। যমুনা নদীর ওপর স্থায়ী সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে ময়মনসিংহ, জামালপুর ও দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ অনেক সহজ হবে। পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে। কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে। ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি হবে।
এ অঞ্চলের কৃষি অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান, পাট, ভুট্টা, আলু, শাকসবজি ও বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে উত্তরাঞ্চলের রয়েছে ব্যাপক অবদান। কিন্তু যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক সময় কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়। সেতু নির্মিত হলে কৃষিপণ্য দ্রুত দেশের বিভিন্ন বাজারে পৌঁছানো সম্ভব হবে। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি ভোক্তারাও তুলনামূলক কম দামে পণ্য পাওয়ার সুযোগ পাবেন।
শুধু কৃষি নয়, শিল্প ও বাণিজ্যের বিকাশেও এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উত্তরাঞ্চলের উৎপাদিত পণ্য দেশের পূর্বাঞ্চলসহ বিভিন্ন শিল্পাঞ্চলে সহজে সরবরাহ করা যাবে। নতুন শিল্পকারখানা গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। স্থানীয়ভাবে কর্মসংস্থান বাড়বে। শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রেও সময় বাঁচবে, যা অনেক ক্ষেত্রে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অতীতে বালাসী-বাহাদুরাবাদ নৌপথে ফেরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। এ লক্ষ্যে প্রায় ১৩৬ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণ ও নদী খননের কাজ করা হয়। কিন্তু নদীর গতিপথ পরিবর্তন, নাব্যতা এবং যথাযথ সম্ভাব্যতা যাচাইয়ের অভাবে প্রকল্পটি প্রত্যাশিত সুফল দিতে পারেনি। ফলে বিপুল সরকারি অর্থ ব্যয়ের পরও ফেরি চলাচল কার্যকর করা সম্ভব হয়নি। এ অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয়, বড় অবকাঠামো প্রকল্প গ্রহণের আগে অবশ্যই বিজ্ঞানভিত্তিক সমীক্ষা, নদীর গতিপ্রকৃতি বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহনকরা প্রয়োজন। জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। তবে আশার কথা, যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ২০২৫ সালের অক্টোবরে এ বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য আগ্রহপত্র আহ্বান করে। সম্ভাব্য স্থানগুলোর মধ্যে গাইবান্ধার বালাসীঘাট ও জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাটের মধ্যকার সংযোগও রয়েছে। অর্থাৎ বালাসী-বাহাদুরাবাদ এলাকার সেতু নির্মাণের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে চূড়ান্ত স্থান নির্বাচন ও নির্মাণের সিদ্ধান্ত এখনো সমীক্ষা ও পরবর্তী সরকারি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।
সেতু নির্মাণের ক্ষেত্রে যমুনা নদীর বিশালতা, প্রবল স্রোত, নদীভাঙন, নাব্যতা, পরিবেশগত প্রভাব এবং নির্মাণ ব্যয়ের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সেতুটি সড়ক ও রেল যোগাযোগের উপযোগী করা যায় কি না, সেটিও পরিকল্পনায় রাখা প্রয়োজন। পাশাপাশি সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক, শিল্পাঞ্চল, ব্যবসাকেন্দ্র ও পরিবহন অবকাঠামো গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা দরকার। শুধু সেতু নির্মাণ করলেই হবে না, এর সর্বোচ্চ অর্থনৈতিক সুফল নিশ্চিত করার জন্য সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।
উত্তরাঞ্চলের মানুষ মনে করে, এ প্রকল্প বাস্তবায়নে সরকারের রাজনৈতিক সদিচ্ছা, আন্তরিকতা ও দূরদর্শী সিদ্ধান্ত অত্যন্ত জরুরি। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করার সুযোগ নেই। সেতুটি নির্মিত হলে শুধু গাইবান্ধা বা জামালপুর নয়, বৃহত্তর রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। দেশের উত্তর ও পূর্বাঞ্চলের মধ্যে নতুন অর্থনৈতিক করিডর গড়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হবেপারে ।
এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন, নাগরিক সমাজ এবং গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে জনস্বার্থের এ দাবি তুলে ধরতে হবে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষের উচিত সম্ভাব্যতা সমীক্ষা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করে জনগণকে অগ্রগতি সম্পর্কে অবহিত করা। প্রকল্পটি অর্থনৈতিকভাবে লাভজনক প্রমাণিত হলে অর্থায়ন নিশ্চিত করে বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নিতে হবে।
শেষের কথা বলতে চাই, উন্নয়ন মানে শুধু বড় বড় অবকাঠামো নির্মাণ নয়; উন্নয়ন মানে মানুষের জীবন সহজ করা, অর্থনীতিকে গতিশীল করা এবং পিছিয়ে পড়া অঞ্চলকে এগিয়ে নেওয়া। বালাসী-বাহাদুরাবাদ সেতু সেই সম্ভাবনারই একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তাই আর দীর্ঘসূত্রতা নয়, প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং কার্যকর উদ্যোগ। উত্তরাঞ্চলের ৮ জেলার মানুষের প্রাণের দাবি বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মাণের সম্ভাবনাকে যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের প্রত্যাশা, সমীক্ষা শেষে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম হোক।
লেখক : গণমাধ্যমকর্মী