ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

পরীক্ষায় ব্যর্থতার পরিণতি যখন বাল্যবিবাহ

আমানুর রহমান
পরীক্ষায় ব্যর্থতার পরিণতি যখন বাল্যবিবাহ

প্রতিবছর পাবলিক পরীক্ষার ফল প্রকাশিত হলে সারা দেশে যখন আনন্দের জোয়ার বয়ে যায়, ঠিক তখনই গ্রামীণ জনপদের অসংখ্য কিশোরীর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। শহরের অনেক পরিবারে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হলে তাকে নতুন উদ্যমে পরবর্তী বছরের প্রস্তুতি নেওয়ার জন্য উৎসাহিত করা হয়। কিন্তু গ্রামের বহু পরিবারে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন।

সেখানে একটি মেয়ের পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই যেন তার শিক্ষাজীবনের পরিসমাপ্তি এবং পরিবারের চোখে এক 'বোঝা' হয়ে ওঠা। ফল প্রকাশের কয়েক দিনের মধ্যেই কোনো কোনো বাড়িতে শুরু হয় ঘটকের আনাগোনা। বইখাতা গুছিয়ে সেই কিশোরীকে বসতে হয় বিয়ের পিঁড়িতে। শিক্ষা যেখানে মানুষের ভবিষ্যৎ গড়ার পাথেয় হওয়ার কথা, সেখানে একটি পরীক্ষার ব্যর্থতাই গ্রামীণ কিশোরীদের জন্য হয়ে ওঠে শৈশব হারানোর নির্মম বাস্তবতা।

বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যান এ করুণ বাস্তবতারই সাক্ষ্য দেয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫ অনুযায়ী, দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। তাদের মধ্যে ১৩ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই। আরও উদ্বেগজনক বিষয় হলো, ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের মধ্যে বর্তমানে বিবাহিতের হার ২০১৯ সালের ৩২ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৩৮ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে, ইউনিসেফ, ইউএন উইমেন ও প্ল্যান ইন্টারন্যাশনালের ২০২৫ সালের এক প্রতিবেদনে বাংলাদেশকে এশিয়ায় বাল্যবিবাহের সর্বোচ্চ হারের দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই প্রতিবেদনে বাংলাদেশের কিশোরীদের মাধ্যমিক শিক্ষার সমাপনী হার ৫৯ দশমিক ২২ শতাংশ বলে জানানো হয়েছে। এসব তথ্য প্রমাণ করে, বাল্যবিবাহের ঝুঁকি এবং মেয়েদের শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার প্রবণতা এখনও দেশের জন্য বড় উদ্বেগের কারণ।

গ্রামীণ সমাজে এ প্রবণতার পেছনে দারিদ্র্য, নিরাপত্তাহীনতা এবং সামাজিক লোকলজ্জার ভয় গভীরভাবে কাজ করে। অনেক দরিদ্র অভিভাবক মনে করেন, পরীক্ষায় অকৃতকার্য মেয়ের পেছনে আরও একটি বছর অর্থ ব্যয় করা মানেই শুধু অপচয়। তা ছাড়া পড়াশোনা বন্ধ হয়ে গেলে মেয়ে ঘরে বসে থাকবে, আর এতে তাকে ঘিরে নানা কটূক্তি ও বখাটেদের উৎপাতের আশঙ্কা বাড়বে— এমন উদ্বেগও অনেক পরিবারের মধ্যে কাজ করে।

শিক্ষার সুযোগ সীমিত থাকা, মেয়েদের নিরাপদ যাতায়াতের অভাব এবং সামাজিক কুসংস্কার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অনেক অভিভাবক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দিয়ে যেন দায়মুক্ত হতে চান। অথচ তারা বুঝতে চান না, সাময়িক সামাজিক স্বস্তির আশায় নেওয়া এই সিদ্ধান্ত মেয়েটির জীবনকে আরও বড় অনিশ্চয়তা ও বিপদের মুখে ঠেলে দেয়।

অপরিণত বয়সে বিয়ের সিদ্ধান্ত শুধু একটি মেয়ের শিক্ষাজীবনই ধ্বংস করে না, বরং তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকেও গুরুতর ঝুঁকির মুখে ফেলে দেয়। বাংলাদেশের বালিয়াকান্দি উপজেলায় পরিচালিত একটি জনমিতি ও স্বাস্থ্যবিষয়ক গবেষণায় দেখা গেছে, গবেষণায় অন্তর্ভুক্ত সদ্যবিবাহিত নারীদের প্রায় অর্ধেকই বিয়ের এক বছরের মধ্যে গর্ভধারণ করেছিলেন। একই গবেষণায় ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোরী মায়েদের ৩৬ শতাংশ এবং ১৬ থেকে ১৭ বছর বয়সীদের ৩২ শতাংশের প্রসবকালীন জটিলতার তথ্য পাওয়া গেছে।

বিপরীতে, ১৮ থেকে ৩৪ বছর বয়সী নারীদের ক্ষেত্রে এ হার ছিল ২৩ শতাংশ। অর্থাৎ, অল্প বয়সে মাতৃত্ব শুধু শারীরিক ঝুঁকিই বাড়ায় না, বরং একটি কিশোরীর স্বাভাবিক মানসিক বিকাশ ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথও সংকুচিত করে। একটি পরীক্ষার ফলাফলের চেয়ে একজন মানুষের সুস্থ জীবন, আত্মমর্যাদা ও ভবিষ্যতের মূল্য যে অনেক বেশি, সেই বোধটুকু সমাজের প্রতিটি স্তরে জাগ্রত হওয়া জরুরি। পরীক্ষায় অকৃতকার্য হওয়া জীবনের শেষ কথা নয়; বরং এটি ঘুরে দাঁড়ানোর আরেকটি সুযোগ। সমাজ ও রাষ্ট্র যদি এ কিশোরীদের পাশে না দাঁড়ায়, তবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের স্বপ্ন কখনোই পূরণ হবে না। বাল্যবিবাহ নিরোধ আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি গ্রামীণ অভিভাবকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে স্থানীয় প্রশাসন, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদান, বৃত্তি ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে পরিবারগুলোর আর্থিক ও সামাজিক উদ্বেগ অনেকটাই কমানো সম্ভব। আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি, যেখানে কোনো কিশোরীর হাত থেকে কলম কেড়ে নিয়ে তার হাতে বিয়ের শাড়ি তুলে দেওয়া হবে না; বরং ব্যর্থতার গ্লানি কাটিয়ে সে আবারও নতুন উদ্যমে শ্রেণিকক্ষে ফিরে আসবে।

লেখক : শিক্ষার্থী, হাবিবুল্লাহ বাহার কলেজ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত