প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৬ নভেম্বর, ২০২৬
বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করার সরকারি পরিকল্পনা নিঃসন্দেহে উচ্চাভিলাষী ও গুরুত্বপূর্ণ। তবে একটি বড় অর্থনীতির আকার অর্জনই শেষ কথা নয়; সেই অর্থনীতির ভিত্তি কতটা শক্তিশালী, উৎপাদন কতটা টেকসই, কর্মসংস্থান কতটা মানসম্মত এবং উন্নয়নের সুফল কতটা মানুষের কাছে পৌঁছাচ্ছে— সাফল্যের প্রকৃত বিচার হবে সেখানেই।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি নানা চাপে পড়েছে। প্রবৃদ্ধির হার কমেছে, মূল্যস্ফীতি দীর্ঘ সময় ধরে মানুষের জীবনযাত্রাকে কঠিন করেছে, ব্যাংক ও আর্থিক খাতের দুর্বলতা বিনিয়োগের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। জ্বালানি সংকট, দুর্নীতি, সুশাসনের ঘাটতি এবং বিনিয়োগকারীদের আস্থার সংকটও অর্থনীতির গতিকে বাধাগ্রস্ত করেছে। এ বাস্তবতায় শুধু নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেই হবে না, অতীতের দুর্বলতাগুলো চিহ্নিত করে কার্যকর সংস্কার নিশ্চিত করতে হবে।
সরকারের তিন ধাপের 'থ্রি-আর' কৌশল— পুনরুদ্ধার ও স্থিতিশীলতা, পুনঃপ্রতিষ্ঠা এবং ত্বরান্বিত উন্নয়নের জন্য পুনর্গঠন— বাস্তবসম্মতভাবে বাস্তবায়িত হলে অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। প্রথমেই সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও প্রবৃদ্ধির ভিত মজবুত হবে না।
বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে ব্যবসার পরিবেশ উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা, অনুমোদনের দীর্ঘসূত্রতা, উচ্চ ব্যবসা ব্যয় এবং নীতিগত অনিশ্চয়তা দূর করতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা শুধু প্রণোদনা নয়, স্থিতিশীল নীতি, নির্ভরযোগ্য জ্বালানি, দক্ষ জনশক্তি এবং আইনের সুশাসন প্রত্যাশা করেন। বিনিয়োগের পরিবেশে আস্থা ফিরিয়ে আনাই তাই এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তৈরি পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির প্রধান শক্তি হলেও একটি বা কয়েকটি খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পাট ও বহুমুখী পাটপণ্য, ওষুধ, চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য সম্ভাবনাময় শিল্পে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। উৎপাদনের সঙ্গে দক্ষ সরবরাহব্যবস্থা, আধুনিক যোগাযোগ এবং কম পরিবহন ব্যয় নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
মানবসম্পদ উন্নয়নকে এ পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। বাংলাদেশের জনমিতিক সুবিধা তখনই অর্থনীতির শক্তিতে পরিণত হবে, যখন তরুণদের বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ করে তোলা যাবে। শুধু শিক্ষিত নয়, দক্ষ, প্রযুক্তিসক্ষম ও উদ্ভাবনী কর্মশক্তি গড়ে তুলতে পারলেই উচ্চ উৎপাদনশীল অর্থনীতির পথে এগোনো সম্ভব।
সামাজিক সুরক্ষা কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ডের মতো উদ্যোগ দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে পারে। তবে এসব কর্মসূচিতে স্বচ্ছতা, সঠিক উপকারভোগী নির্বাচন এবং জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য। কৃষি, নদী-খাল পুনঃখনন, জ্বালানি নিরাপত্তা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। বাংলাদেশের সামনে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য একটি বড় সম্ভাবনার প্রতীক। কিন্তু এই লক্ষ্য পূরণে প্রয়োজন বাস্তবভিত্তিক পরিকল্পনা, দক্ষ বাস্তবায়ন এবং সর্বোপরি সুশাসন। প্রবৃদ্ধির সংখ্যা বাড়ানোর পাশাপাশি মানুষের আয়, কর্মসংস্থান, ক্রয়ক্ষমতা ও জীবনমান উন্নত করতে হবে। বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির ইতিবাচক চক্রকে টেকসই করতে পারলেই বাংলাদেশ শুধু বড় অর্থনীতি নয়, আরও শক্তিশালী, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।