প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৭ নভেম্বর, ২০২৬
প্লাস্টিক দূষণ বলতে আমাদের চোখে সাধারণত ভেসে ওঠে রাস্তার পাশে পড়ে থাকা পলিথিন, নদীতে ভাসমান প্লাস্টিকের বোতল কিংবা সমুদ্রসৈকতে জমে থাকা আবর্জনার ছবি। কিন্তু দূষণের এমন একটি ভয়াবহ রূপ রয়েছে, যা খালি চোখে দেখা যায় না, অথচ প্রতিনিয়ত আমাদের খাদ্য, পানি ও শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করছে এবং এরই নাম মাইক্রোপ্লাস্টিক। আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা প্লাস্টিক এখন শুধু পরিবেশের সৌন্দর্য নষ্ট করছে না বরং মানুষের শরীরেও নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। বিজ্ঞানীদের গবেষণায় মানবদেহের বিভিন্ন নমুনায় এসব ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মাইক্রোপ্লাস্টিক বলতে সাধারণত পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে বোঝায়। প্লাস্টিকের বোতল, প্যাকেট, পলিথিন, সিনথেটিক কাপড়, টায়ারসহ বিভিন্ন প্লাস্টিকজাত পণ্য সময়ের সঙ্গে সূর্যের আলো, তাপ, ঘর্ষণ ও আবহাওয়ার প্রভাবে ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়। এ ছাড়া প্রসাধনী ও শিল্পকারখানার কিছু পণ্য থেকেও সরাসরি এসব কণা পরিবেশে ছড়িয়ে পড়ে। এক মিলিমিটারেরও ক্ষুদ্র কণার বাইরে ন্যানোপ্লাস্টিক রয়েছে, যেগুলো আরও ছোট এবং শনাক্ত করা তুলনামূলক কঠিন। ফলে দূষণের এ রূপটি নিয়ন্ত্রণ করা যেমন কঠিন, তেমনি এর প্রকৃত বিস্তার নির্ণয় করাও জটিল।
মাইক্রোপ্লাস্টিকের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এর বিস্তৃতি। নদী, সমুদ্র, মাটি, কৃষিজমি, বাতাস, এমনকি পানীয় জল ও বিভিন্ন খাদ্যপণ্যেও এর উপস্থিতি পাওয়া গেছে। মাছ ও অন্যান্য জলজ প্রাণী পানির সঙ্গে এসব কণা গ্রহণ করে। পরবর্তী সময়ে সেই মাছ মানুষের খাদ্যতালিকায় যুক্ত হয়। অন্যদিকে, বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র প্লাস্টিক কণা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেও মানুষের শরীরে প্রবেশ করতে পারে। বোতলজাত পানি, সামুদ্রিক খাবার, লবণ, মধু, চা ও অন্যান্য খাদ্যপণ্যের নমুনায়ও বিভিন্ন গবেষণায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। অর্থাৎ দূষণটি এখন কোনো নির্দিষ্ট অঞ্চল কিংবা পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নেই।
মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে সাম্প্রতিক গবেষণাগুলো বিষয়টিকে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনার সুযোগ তৈরি করেছে। মানুষের রক্ত, ফুসফুস, মল, প্লাসেন্টা এবং বিভিন্ন অঙ্গের নমুনায় এসব কণার উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকরা। ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর নেচার মেডিসিনে প্রকাশিত একটি পর্যালোচনা গবেষণায় মানবদেহে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের প্রবেশ এবং সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব নিয়ে বিদ্যমান বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এসব কণা শরীরে প্রবেশ করলে প্রদাহ, কোষের ক্ষতি এবং অন্যান্য জৈবিক পরিবর্তনের আশঙ্কা নিয়ে গবেষণা চলছে। তবে মানবদেহে কণার উপস্থিতি পাওয়া আর সেগুলোর কারণে নির্দিষ্ট রোগ সৃষ্টি হওয়া এক বিষয় নয়। এই পার্থক্যটি মনে রাখা জরুরি।
বিশেষজ্ঞদের উদ্বেগের জায়গা মূলত মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য দীর্ঘমেয়াদি প্রভাব। পরীক্ষাগার ও প্রাণীর ওপর পরিচালিত বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট মাত্রায় এসব কণা অক্সিডেটিভ স্ট্রেস, কোষে প্রদাহ, বিপাকীয় পরিবর্তন এবং হরমোনের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে। কিছু গবেষণায় প্রজননস্বাস্থ্য, পরিপাকতন্ত্র ও হৃদ্?রোগের সঙ্গে সম্ভাব্য সম্পর্কও উঠে এসেছে। ২০২৫ সালে প্রকাশিত একটি পর্যালোচনাতেও এসব সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি আলোচিত হয়েছে। তবে মানুষের ক্ষেত্রে এসব প্রভাবের কারণ হিসেবে মাইক্রোপ্লাস্টিককে নিশ্চিতভাবে দায়ী করার মতো পর্যাপ্ত প্রমাণ এখনো নেই। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবস্থানও গুরুত্বপূর্ণ।
২০২২ সালে সংস্থাটি খাদ্য, পানি ও বাতাসের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসার সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব নিয়ে একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, মানুষের স্বাস্থ্যের ওপর এসব কণার প্রকৃত প্রভাব নির্ধারণের জন্য আরও উন্নত গবেষণা প্রয়োজন। কণার আকার, গঠন, রাসায়নিক উপাদান এবং শরীরে প্রবেশের পরিমাণের ওপর সম্ভাব্য ঝুঁকি নির্ভর করতে পারে। অর্থাৎ আতঙ্কিত হওয়ার পরিবর্তে বিজ্ঞানভিত্তিক সতর্কতা ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাংলাদেশে মাইক্রোপ্লাস্টিক দূষণের চিত্র যে কতটা উদ্বেগজনক হয়ে উঠছে, ২০২৬ সালের কয়েকটি গবেষণায় তার প্রমাণ পাওয়া যায়। আগস্টে প্রকাশিত এক গবেষণায় ঢাকার যানজটপূর্ণ ও আবাসিক এলাকার বাতাসে মাইক্রোপ্লাস্টিক এবং বিষাক্ত ধাতুর উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
গবেষণায় যানজটপূর্ণ এলাকায় এসব কণার পরিমাণ তুলনামূলক বেশি পাওয়া যায়। অন্যদিকে, ২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত এক গবেষণায় বাংলাদেশের গঙ্গার নিম্ন অববাহিকার পানিতে প্রতি লিটারে ৭.৭ থেকে ১৮.২টি এবং নদীর পলিতে প্রতি কেজিতে ১ হাজার ৬০১ থেকে ৩ হাজার ৮১৩টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। একই বছরের সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় পরীক্ষিত সব মাছের নমুনা এবং ৯৩ শতাংশ চিংড়ির নমুনায় এসব কণার উপস্থিতি পাওয়া গেছে। এসব ফলাফল বাংলাদেশের বায়ু, পানি ও খাদ্যশৃঙ্খলে মাইক্রোপ্লাস্টিক দূষণের বিস্তার সম্পর্কে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তুলে ধরে।
বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি আরও গুরুত্বের দাবি রাখে। ঘনবসতিপূর্ণ নগরজীবন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাপক প্রচলন এবং নদ-নদীতে প্লাস্টিক বর্জ্য ফেলার প্রবণতা পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরি করছে। রাজধানীর খাল, নালা ও জলাশয় থেকে শুরু করে দেশের নদী ও উপকূলীয় অঞ্চল পর্যন্ত প্লাস্টিক বর্জ্যের বিস্তার উদ্বেগজনক। এসব প্লাস্টিক সময়ের সঙ্গে ক্ষুদ্র কণায় পরিণত হয়ে পানি ও মাটিতে মিশে যেতে পারে।
কৃষিজমি, জলজ পরিবেশ এবং খাদ্যশৃঙ্খলের মাধ্যমে সেই দূষণ মানুষের জীবনেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যেসব জনগোষ্ঠী নদী ও জলাশয়ের ওপর জীবিকা এবং খাদ্যের জন্য নির্ভরশীল, তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয় এর সাথে প্রয়োজন কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ।
প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের ব্যবস্থা শক্তিশালী করতে হবে। শিল্পকারখানার বর্জ্য শোধন ছাড়া নদীতে ফেলা বন্ধ করতে হবে। পাশাপাশি পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প সহজলভ্য করতে হবে। পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করার পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেও তাদের পণ্যের বর্জ্য ব্যবস্থাপনার দায় নিতে হবে।
ব্যক্তিগত পর্যায়েও কিছু অভ্যাস পরিবর্তন করা সম্ভব। অপ্রয়োজনীয় প্লাস্টিকের বোতল ও প্যাকেট ব্যবহার কমানো, বাজারে কাপড়ের ব্যাগ বহন করা, খাবার সংরক্ষণে উপযুক্ত বিকল্প ব্যবহার এবং প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। তবে মনে রাখতে হবে, এসব পদক্ষেপ মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ সম্পূর্ণ বন্ধ করার নিশ্চয়তা দেয় না। বরং দূষণের উৎস কমাতে সম্মিলিত প্রচেষ্টার অংশ হিসেবে এগুলো গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় প্রয়োজন গবেষণা ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ।
বাংলাদেশের নদী, ভূগর্ভস্থ পানি, খাবার, মাছ, কৃষিজমি এবং শহরের বাতাসে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ও ঘনত্ব নির্ণয়ে নিয়মিত গবেষণা প্রয়োজন। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও পরিবেশ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি গবেষণার মাধ্যমে মানুষের শরীরে এসব কণার সম্ভাব্য প্রভাব নির্ণয় করতে হবে। কারণ অন্য দেশের গবেষণার ফলাফল বাংলাদেশের পরিবেশ ও মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে হুবহু প্রয়োগ করা যায় না।
প্লাস্টিক আমাদের জীবনকে সহজ করেছে; কিন্তু এর অপরিকল্পিত ব্যবহার সেই সুবিধাকেই পরিবেশগত সংকটে পরিণত করছে। মাইক্রোপ্লাস্টিকের বিপদ নিয়ে বিজ্ঞান এখনো অনেক প্রশ্নের উত্তর খুঁজছে। তাই একে নিয়ে অতিরঞ্জিত ভয় ছড়ানো যেমন অনুচিত, তেমনি নিশ্চিত প্রমাণের অপেক্ষায় বসে থাকাও দায়িত্বশীল আচরণ নয়। কারণ পরিবেশের ক্ষতি যখন মানুষের খাদ্য, পানি ও শ্বাস-প্রশ্বাসের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন সেটি আর শুধু পরিবেশগত সমস্যা থাকে না; হয়ে ওঠে জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন। অদৃশ্য এ দূষণকে নিয়ন্ত্রণে আনতে হলে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে এখনই। নতুবা আজকের অবহেলা আগামী দিনের জন্য এমন এক সংকট তৈরি করতে পারে, যার মূল্য দিতে হবে মানুষ ও প্রকৃতি উভয়কেই।
লেখক : শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ