ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া

বাপ্পাদিত্য চৌধুরী প্রবাল
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া

বাংলাদেশ সংবিধানে শিক্ষাকে মানুষের মৌলিক অধিকারের অন্যতম বলে স্থান দেওয়া হয়েছে। এ অধিকার অর্জনের পথে একজন শিক্ষার্থীর প্রতিদিনের যাতায়াতও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে যেতে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থীকে সাধারণ গণপরিবহনের ওপর নির্ভর করতে হয়। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য যাতায়াতের খরচ পরিবারের সামগ্রিক ব্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি করে। এমন বাস্তবতায় গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কোনো বিলাসিতা নয়, বরং শিক্ষার পথকে সহজ ও সাশ্রয়ী করার একটি সামাজিক উদ্যোগ। শিক্ষার্থীদের এ সুবিধা কি বাস্তবে অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, নাকি এখনও পরিবহন মালিক ও শ্রমিকদের অনুগ্রহের ওপর নির্ভরশীল? বাংলাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিটি যে নতুন, তেমনটা নয়। দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা গণপরিবহনে অর্ধেক ভাড়া দেওয়ার দাবি জানিয়ে আসছে। ২০২১ সালের নভেম্বরে রাজধানীতে বাসভাড়া বৃদ্ধির পর এ দাবি নতুন করে জোরালো হয়ে ওঠে। ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ওই সময় বাসভাড়া বাড়ানো হলে শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে আন্দোলনে নামেন। নিরাপদ সড়কের দাবির পাশাপাশি গণপরিবহনে অর্ধেক ভাড়া নিশ্চিত করার বিষয়টি আন্দোলনের অন্যতম প্রধান দাবিতে পরিণত হয়। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৬ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নির্ধারণের ঘোষণা আসে। পরবর্তী সময়ে বেসরকারি বাসেও এই সুবিধা চালুর দাবি জোরালো হয়। ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৪(২) ধারা অনুসারে মহানগর এলাকার বেসরকারি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র দেখাতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে যাতায়াত করতে হবে এবং সরকারি ছুটির দিন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে এ সুবিধা প্রযোজ্য হবে না। এ ছাড়া দূরপাল্লার বাসে হাফ ভাড়া কার্যকর হবে না। অর্থাৎ সরকারি উদ্যোগে সুবিধাটি স্বীকৃতি পেলেও এর আওতা ছিল অনেকটা সীমিত। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির মুখে হাফ ভাড়ার সময়সীমা ও কার্যকারিতা নিয়ে পরিবর্তনের উদ্যোগও দেখা মিলে। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, মহানগর এলাকার বাসে সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দিতে পারবেন। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সুবিধা কার্যকর রাখার কথা বলা হয়। শিক্ষার্থীদের ইউনিফর্ম অথবা বৈধ পরিচয়পত্র দেখানোর শর্তও রাখা হয়। তবে এই সিদ্ধান্ত মহানগর এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। মূল সমস্যাটি এখানেই স্পষ্ট হয়ে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত সব শিক্ষার্থী একই ধরনের পরিবহনসুবিধা পান না। মহানগর এলাকায় শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা থাকলেও জেলা শহরের অভ্যন্তরীণ রুট, উপজেলা কিংবা গ্রামীণ জনপদের পরিবহনে এর বাস্তবতা এক নয়। ফলে একই দেশের একজন শিক্ষার্থী শুধু ভৌগোলিক অবস্থানের কারণে পরিবহনসুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। অথচ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠান শহরে, গ্রামে কিংবা মফস্বলে যেখানেই হোক, যাতায়াতের প্রয়োজনীয়তা তো একই। শুধু নীতিমালার সীমাবদ্ধতাই নয়, বাস্তবায়নের ক্ষেত্রেও রয়েছে নানা অসংগতি। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখানোর পরও বাসের চালক ও সহকারীরা অর্ধেক ভাড়া নিতে অনীহা প্রকাশ করেন। কেউ কেউ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, আবার কোথাও হাফ ভাড়া দেওয়ার কারণে বাসে উঠতে অনাগ্রহ দেখানো হয়। ২০২৫ সালের ২১ মার্চ দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর একটি সম্পাদকীয়তে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে অস্বীকৃতি, বাসে উঠতে বাধা দেওয়া এবং অপমানজনক আচরণের বিষয়গুলো উঠে আসে। অর্থাৎ নীতিগত স্বীকৃতি থাকলেও বাস্তব অভিজ্ঞতায় অনেক শিক্ষার্থীকে প্রতিনিয়ত নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এ ক্ষেত্রে পরিবহন মালিকদের যুক্তিও অস্বীকার করা যায় না। বাস পরিচালনায় জ্বালানি, রক্ষণাবেক্ষণ, কর্মীদের বেতন, যানবাহনের কিস্তি ও অন্যান্য ব্যয় রয়েছে। এতে পরিবহন ব্যবসার আর্থিক বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার কারণে পরিবহন খাতের সম্ভাব্য আর্থিক চাপের সম্পূর্ণ দায় শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়াও যৌক্তিক নয়। বরং সরকার, পরিবহন মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি টেকসই ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য ভাড়ায় ছাড়ের আর্থিক চাপ কীভাবে সামাল দেওয়া যায়, প্রয়োজনে সে বিষয়ে সরকারি প্রণোদনা বা বিশেষ ব্যবস্থার কথাও বিবেচনা করা যেতে পারে।

লেখক : শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত