প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৩ নভেম্বর, ২০২৬
পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে এ শিল্পখাত বৈচিত্র্যময় হওয়া সত্ত্বেও যথেষ্ট উন্নতি করতে সক্ষম হয়েছে। গত কয়েক দশকে বাংলাদেশ বিশ্বব্যাপী একটি প্রথম সারির পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের পোশাকশিল্পের দ্রুত বৃদ্ধির প্রধান কারণ হলো এর কম শ্রম খরচ। এ ছাড়া বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কৌশল হচ্ছে কমমূল্যে বিশ্ববাজারে উন্নত মানের পোশাক সরবরাহ করা। কিছু কিছু দেশ বিষয়টি ভালো চোখে দেখতে না পারায় বাংলাদেশের রপ্তানি আয়ের মেরুদণ্ড তৈরি পোশাকশিল্প আজ চরম অস্থিরতা ও গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে পড়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির নামে এক এক করে সকল গার্মেন্টস বা পোশাকশিল্প প্রতিষ্ঠান বন্ধ হতে শুরু করে। সেদিকে সরকারসহ মালিকপক্ষ বা শ্রমিক নেতারা এক হয়ে এ সমস্যার সমাধানের পথে না গিয়ে শিল্পপ্রতিষ্ঠানগুলো নীরবে ধ্বংসের দিকে যেতে শুরু করে, যা দেখার কেউ নেই। আমাদের দেশের রপ্তানি আয়ের প্রধান পোশাকশিল্পকে চোখের সামনে এভাবে ধ্বংস হতে দেখে দেশের জনগণ ক্ষুব্ধ এবং ব্যথিত। আমাদের মনে রাখতে হবে, এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে লাখ লাখ নারী-পুরুষ শ্রমিকের জীবন-জীবিকা। দেশের রপ্তানি আয়, বৈদেশিক রিজার্ভ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রেও এ শিল্পের অবদান অপরিসীম। দীর্ঘদিনের অস্থিরতার কারণে বেকারত্ব শুধু বেড়ে যাবে তাই নয়, দেখা দেবে তাদের ঘর-সংসারে হাহাকার।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ও প্রতিযোগিতার সক্ষমতাও এরইমধ্যে প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি এবং তাদের জীবনযাত্রার ব্যয়ের চাপে যৌক্তিক দাবি অস্বীকার করছি না। তারপরও পোশাকশিল্পের শ্রমিকরা ফ্যাক্টরি বন্ধ রেখে রাজপথে যেভাবে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং রাস্তায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ প্রতিষ্ঠানে নারী শ্রমিক বেশি। তাদের ভবিষ্যৎ ধ্বংস করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, তা দেশ ও জাতি কোনোভাবেই মেনে নেবে না।
সরকার এরইমধ্যে আগামী জানুয়ারি ২০২৭ থেকে নতুন বেতনকাঠামো কার্যকরের ঘোষণা দিয়েছে। রাজপথে পোশাকশিল্পের শ্রমিকদের ধ্বংসযজ্ঞ ও সহিংসতার কারণে অনেক মালিক নিরাপত্তার স্বার্থে তাদের নিজ নিজ কারখানা বন্ধ করে দিয়েছেন। এটা কোনোভাবেই দেশের অর্থনীতির জন্য ভালো হতে পারে না। পোশাকশিল্প মালিকদের মতে, এ অস্থিরতায় এরইমধ্যে তাদের চার থেকে পাঁচ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং ক্রেতারা ক্রয়াদেশ বাতিল বা অন্য দেশে সরিয়ে নেওয়ার পাঁয়তারা করছে।
অনেকে মনে করছেন, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের পেছনে পরিকল্পিত রাজনৈতিক ইন্ধন থাকতে পারে বলে আশঙ্কা করছে। মূলত পোশাকখাত বাংলাদেশের অর্থনীতির প্রাণ আর শ্রমিকরাই হচ্ছে এ খাতের প্রাণশক্তি ও ধারক। এখানে মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক থাকাই স্বাভাবিক। ফ্যাক্টরি বন্ধ থাকলে মালিকের থেকে শ্রমিকের ক্ষতি হয় বেশি। তাই শ্রমিকদের এ খাতে সকল প্রকার অস্থিরতা দূর করে সংযমী হয়ে দেশ ও জাতির স্বার্থে কাজে যোগ দেওয়াই শ্রেয়। এর কোনো বিকল্প নেই। কেননা এ ধরনের সমস্যা সমাধানের একমাত্র পথ আলোচনার টেবিলে বসে নিষ্পত্তি করা যেতে পারে। পোশাকশিল্পে অস্থিরতা দূর করতে হলে ন্যায্য মজুরি, ওভারটাইম বোনাস প্রদান আর মালিকের সঙ্গে নিয়মিত সংলাপ এবং সরকারের মধ্যে বিশ্বাসের জায়গাটা শক্ত করা প্রয়োজন। এ ছাড়া ট্রেড ইউনিয়ন বা শ্রমিকদের প্রতিনিধিরা সঠিক সময়ে কার্যকর ভূমিকা পালন করলে এ শিল্পে অস্থিরতা দূর করা সম্ভব, তাতে কোনো সন্দেহ নেই।
লেখক : কলামিস্ট