ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

হালদা নদী বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি

হালদা নদী বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি

নদী শুধু পানির প্রবাহ নয়, একটি অঞ্চলের জীববৈচিত্র্য, খাদ্যশৃঙ্খল, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার ধারক। অথচ মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ডে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হালদা নদী আজ অস্তিত্বের সংকটে। দক্ষিণ এশিয়ায় প্রধান কার্পজাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত এই নদী ক্রমেই হারাচ্ছে তার মৎস্যসম্পদ ও প্রজনন সক্ষমতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, একসময় হালদায় পাওয়া যেত এমন ৭৬ প্রজাতির মাছের মধ্যে ২৬টি এখন প্রাকৃতিক প্রজননক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে পাঁচটি প্রজাতি সম্পূর্ণ বিলুপ্ত হওয়ার তথ্যও পাওয়া গেছে। এ চিত্র শুধু একটি নদীর বিপর্যয় নয়, দেশের জলজ জীববৈচিত্র্যের জন্যও অশনিসংকেত।

হালদার এ সংকটের পেছনে দায়ী মানুষের বহুমুখী কর্মকাণ্ড। শিল্পকারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্য, হাটবাজার ও পৌর এলাকার আবর্জনা, অপরিকল্পিত বাঁধ ও স্লুইসগেট নির্মাণ, অবৈধ বালু উত্তোলন এবং উজানে লবণাক্ততার বিস্তার নদীটির স্বাভাবিক পরিবেশ ধ্বংস করছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ভয়ংকর প্রবণতা। কীটনাশক ব্যবহার করে রাতের আঁধারে মাছ নিধন শুধু বড় মাছের জীবন কেড়ে নিচ্ছে না, ধ্বংস করছে জলজ প্রতিবেশব্যবস্থার ভিত্তিও।

গবেষকদের তথ্য অনুযায়ী, গত সাত থেকে আট মাসে হালদার বিভিন্ন এলাকায় সাতটি বড় মা মাছ মৃত অবস্থায় পাওয়া গেছে। এসব মাছের শরীরে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতিও শনাক্ত হয়েছে। মাছ ধরতে ব্যবহৃত কীটনাশকের বিষ নদীর পানিতে ছড়িয়ে পড়ছে। এতে মাছের পাশাপাশি চিংড়ি, অন্যান্য জলজ প্রাণী এবং খাদ্যশৃঙ্খলের গুরুত্বপূর্ণ উপাদান ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ, বিষ প্রয়োগের প্রভাব কেবল কিছু মাছের মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নয়; এটি পুরো নদীর প্রাণপ্রবাহকে বিপন্ন করছে। এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরি।

আরেকটি উদ্বেগজনক বিষয় হলো, নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়া। অপরিকল্পিত বাঁধ ও স্লুইসগেট মাছের বিচরণ ও প্রজননে প্রতিবন্ধকতা তৈরি করছে। একই সঙ্গে নদীর তলদেশে বসবাসকারী প্রাণী এবং মাছের খাদ্যের উৎস নষ্ট হচ্ছে। মা মাছের পরিপক্কতা ও প্রজননের জন্য নির্মল পানি এবং পর্যাপ্ত খাদ্য প্রয়োজন। কিন্তু হালদার বিভিন্ন অংশে দূষণ ও খাদ্যসংকট সেই পরিবেশকে ক্রমেই সংকুচিত করছে। ফলে মাছের ডিম উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা বাস্তব রূপ নিচ্ছে।

হালদা রক্ষায় আইন ও বিধিনিষেধের অভাব নেই। সরকার নদীটিকে মৎস্য ঐতিহ্য এলাকা ঘোষণা করে ১৭টি বিধিনিষেধ আরোপ করেছে। মাছ ধরা, বালু উত্তোলন, শিল্পবর্জ্য নিঃসরণ, ভারী ইঞ্জিনচালিত নৌযান চলাচল এবং নদীর আবাসস্থল ধ্বংসের মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। প্রজনন মৌসুমে সংযুক্ত ১৭টি খালেও মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতসব বিধিনিষেধ থাকা সত্ত্বেও নদীর দূষণ ও অবৈধ কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না কেন? গবেষকদের সুপারিশ যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। শুধু আইন প্রণয়ন নয়, তার কার্যকর প্রয়োগই নদী রক্ষার প্রধান শর্ত।

এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিল্পকারখানায় বর্জ্য পরিশোধনাগার স্থাপন ও তার কার্যকারিতা নিয়মিত তদারক করতে হবে। দূষিত খালগুলোর প্রবাহ নিয়ন্ত্রণ, প্লাস্টিক ও কঠিন বর্জ্য অপসারণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং ক্ষতিগ্রস্ত আবাসস্থল পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

নদী রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণও অপরিহার্য। হালদার ওপর নির্ভরশীল জেলে ও নদীপাড়ের মানুষকে সম্পৃক্ত করে সামাজিক নজরদারি গড়ে তুলতে হবে। বিকল্প জীবিকার সুযোগ তৈরি না করে শুধু নিষেধাজ্ঞা দিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন।

হালদা নদী আমাদের প্রাকৃতিক ঐতিহ্য ও অমূল্য সম্পদ। এ নদীর সঙ্গে জড়িয়ে আছে মাছের প্রজনন, মানুষের জীবিকা এবং পরিবেশের ভারসাম্য। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে একদিন হালদা মাছশূন্য ও প্রাণহীন নদীতে পরিণত হতে পারে। তাই আর আশ্বাস বা কাগুজে পরিকল্পনা নয়, প্রয়োজন দূষণমুক্ত হালদা গড়তে দৃশ্যমান ও কঠোর উদ্যোগ। একটি নদী হারিয়ে গেলে শুধু পানির প্রবাহ হারায় না, হারিয়ে যায় একটি পূর্ণাঙ্গ প্রতিবেশব্যবস্থা। এ ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত