
শাহরুখ খানের ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবিগুলোর একটি ‘ম্যায় হুঁ না’। ২০০৪ সালের মেজর রামকে আজও ভুলতে পারেননি দর্শক। গুঞ্জন উঠেছে ফের এ চরিত্রে আসছেন কিং খান। এক যুগ পর নাকি ‘ম্যায় হুঁ না’-এর সিক্যুয়েল আসছে! ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বলিউড বিশেষজ্ঞদের মতে, ‘পাঠান’, ‘জাওয়ান’-এর সাফল্যের পর দর্শক শাহরুখকে চেনা মেজাজের কমার্শিয়াল ছবিতে দেখতে চাইছেন। আর ফারাহ খানের পরিচালনা মানেই ভরপুর অ্যাকশন, গান আর আবেগের ঘনঘটা। শোনা যাচ্ছে, দ্বিতীয় পর্বে কলেজ চত্বরে নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশপ্রেমের এক নতুন সংজ্ঞা লিখবেন শাহরুখ। শুধু তাই নয়, এই ছবিতে নাকি দ্বৈত চরিত্রে থাকবেন বাদশা। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এরইমধ্যে চিত্রনাট্য নিয়ে শাহরুখের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরেছেন ফারাহ। তবে সিক্যুয়েলে পুরনো মুখগুলো থাকবে কি না সে সম্পর্কে মুখ খুলছেন না পরিচালক। বিশেষ মহলের দাবি, ২০২৬-এর শেষে অথবা ২০২৭-এর শুরুতে শুটিং শুরু হতে পারে ‘ম্যায় হুঁ না ২’-এর। বর্তমানে শাহরুখ ব্যস্ত কিং সিনেমা নিয়ে। সবশেষ ২০২৩ সালে তাকে দেখা গেছে ‘ডানকি’ সিনেমায়। একই বছর আরও দুইটি সিনেমা ‘জাওয়ান’ ও ‘পাঠান’ উপহার দিয়েছিলেন তিনি। যা বক্স অফিসে ব্যাপক সফলতা পেয়েছিল। টিজার দেখে কিং নিয়েও সেই প্রত্যাশা ভক্তদের।