
বলিউডের ইতিহাসের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছিল ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমাকে। কারণ, এই সিনেমার মাধ্যমে একই পর্দায় আবির্ভাব হওয়ার কথা ছিল বলিউড কিং শাহরুখ খান ও সালমান খানকে; যশ রাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত এই ছবিতে এই দুই নায়ককে মুখোমুখি দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু শোনা যাচ্ছে এক দুঃসংবাদ! এই সিনেমার কাজ আপাতত স্থগিত করা হয়েছে- এমনটাই খবর মিলল ভারতীয় গণমাধ্যমে। বলা হচ্ছে, আকাশচুম্বী বাজেটের কারণে প্রযোজনা সংস্থা আপাতত সিনেমাটির কাজ সামনে না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সিনেমাটির প্রি-প্রোডাকশন পর্যায়েই ব্যয়ের হিসাব নিয়ে জটিলতা তৈরি হয়। বিশেষ করে শাহরুখ ও সালমানের মতো শীর্ষ দুই তারকার পারিশ্রমিকই এই বাজেটের একটি বড় অংশ। ধারণা করা হচ্ছে, শুধু এই দুই অভিনেতার পারিশ্রমিক বাবদই খরচ হতো প্রায় ২০০ কোটি রুপির বেশি।