
বাংলা সিনেমার অন্য কোনো তারকা এর আগে কখনও এভারেস্ট জয় করেছেন কিংবা সে পথে পা বাড়াবার স্বপ্ন দেখেছেন, এমনটা শোনা যায়নি। তবে সম্প্রতি চিত্রনায়ক শরীফুল রাজ জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে হাজির হয়ে বলেছেন, এভারেস্ট জয় করার স্বপ্ন তার দীর্ঘদিনের।
সে জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতিও নিয়েছেন, বেশ কিছু কোর্স করেছেন। সব কিছু ঠিক থাকলে এক বছরের মধ্যে এভারেস্টের পথে পা বাড়াতে চান তিনি। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমণ্ডএ আজ শনিবার রাত ৯টায় প্রচার হবে রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পডকাস্ট।
একই দিন যেহেতু মেগাস্টার শাকিব খানের জন্মদিন, তাকে শ্রদ্ধা জানিয়ে রাজ বলেছেন, ‘‘আমি এই মানুষটিকে খুব ভালোবাসি। তিনি ভীষণ কুল। মনে পড়ে, শৈশবে স্কুল পালিয়ে সিনেমা দেখতে যেতাম। কখনও গ্রুপ নিয়ে যেতাম, আবার কখনও একাও সিনেমা দেখতে যেতাম।
সিনেমা দেখার জন্য বাসা থেকে প্রচুর উত্তম-মধ্যমও খেয়েছি।