
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা অস্ট্রেলিয়ায় সুরের মূর্ছনা ছড়াতে যাচ্ছেন। দেশটির সিডনি ও মেলবোর্নে পৃথক দুটি কনসার্টে গান শোনাবেন তিনি। আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা লাইভ ইন সিডনি’। এরপর ৮ আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে তার আরেকটি কনসার্ট।
কনসার্ট দুটির বিষয়টি নিশ্চিত করে রুনা লায়লা বলেন, ‘কনসার্ট দুটি খুব বড় পরিসরে হচ্ছে। আমি আশাবাদী, ভালো কিছু হবে। আয়োজকরা আমাকে জানিয়েছেন, এরই মধ্যে টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।’ জানা গেছে, সাতজন যন্ত্রশিল্পীকে নিয়ে আগামী ২৯ জুলাই সিডনির উদ্দেশে রওনা হবেন এই শিল্পী। দুটি কনসার্ট শেষে ১০ আগস্ট দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। অস্ট্রেলিয়ায় সর্বশেষ কবে পারফর্ম করেছেন- এমন প্রশ্নে রুনা লায়লা বলেন, ‘অনেক বছর হয়ে গেল, প্রায় এক দশক। দুই বাংলার শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম তখন।’ ছয় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য সংগীতজীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু, সিন্ধি ও ইংরেজিসহ ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন রুনা লায়লা। সংগীত জীবনে অর্জন করেছেন অসংখ্য সম্মাননা ও স্বীকৃতি। তিনি বলিউডের খ্যাতিমান সুরকার ও শিল্পীদের সঙ্গে কাজ করেছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন, গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ড অর্জন করেছেন। পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়, মডেলিং এবং রিয়েলিটি শোর বিচারকের দায়িত্বও পালন করেছেন।