
ঈদুল ফিতরের পর ঈদুল আজহাও দমদার হতে চলেছে দর্শকদের জন্য। কারণ আসছে ঈদ উপলক্ষে ২১ মে চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমা ‘দম’। গতকাল বেলা ১টায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করেছে প্ল্যাটফর্মটি। ঘোষণার পর থেকেই চলচ্চিত্র প্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা শুরু হয়েছে। দেশে-বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি, চলছে এখনও। প্রেক্ষাগৃহে দর্শকদের সিনেমাটিক অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটির মুক্তির ঘোষণা দর্শকদের সিনেমাটি দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
চরকি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ২০ মে রাত ১২টা (২১ মে, বাংলাদেশ সময়) থেকে দেশ-বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন প্ল্যাটফর্মটিতে। ঘোষণার পোস্টে দর্শকরা তাদের অপেক্ষার কথা জানিয়েছেন। তারা বলতে চাইছেন, এই অপেক্ষা যেন শেষ হচ্ছে না। একজন মন্তব্যকারী লিখেছেন, ‘দেশে থাকাকালীন অনেক চেষ্টা করে দেখতে পারিনি এখন অপেক্ষায় রইলাম’।
রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি।