
সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় টিভি নাটকে আগের মতো সময় দিতে পারছেন না অভিনেত্রী তানজিন তিশা। তারপরও ভক্তদের প্রত্যাশা পূরণে খানিকটা সময় বের করে নিয়েছেন টিভি নাটকের জন্য। অনেক যাচাই-বাছাই করে তিনি অভিনয় করেছেন কিছু ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রের নাটকে। ‘পারিজাতের জন্য ভালোবাসা’-তেমনই এক ভিন্ন ধাঁচের নাটক, যেখানে তিশা অভিনয় করেছেন এক বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে।
গত ঈদে দর্শক সাড়াজাগানো এই নাটকটি এবার প্রকাশ পেল বাংলাভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে। কথাসাহিত্যিক আনিসুল হকের কাহিনি অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন জুবায়ের ইবনে বকর। এতে আরও একবার তিশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন খায়রুল বাসার। এর আগে ‘এক কাপ চা’, ‘সুলতান’, ‘বসন্তবৈরী’, ‘খুঁনসুটি’, ‘প্রণয় ফাল্গুনে’, ‘অবুঝ বায়না’, ‘ঘুণপোকা’, ‘দুষ্টু মিষ্টি প্রেম’, ‘ফান্দা’, ‘আসবে কি ফিরে’, ‘হোয়াট এ বউ’, ‘ফরেস্ট হিলের এক দুপুরে’, ‘শেষ প্রান্তে’, ‘বিউটি কুইন’, ‘অভিমান’, ‘মানুষ মানুষ খেলা’সহ আরও বেশ কিছু নাটকে জুটি বেঁধে দর্শক মনোযোগ কেড়েছিলেন তারা।
বাসার-তিশা জুটির পাশাপাশি ‘পারিজাতের জন্য ভালোবাসা’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, কামরুন নাহার রুমা, শাহনেওয়াজ রিপন, সোহেল হাসান প্রমুখ। তানজিন তিশার কথায়, কিছু গল্প বিনোদনের পাশাপাশি দর্শককে যাপিত জীবন নিয়ে ভাবনার খোরাক জোগায়। ‘পারিজাতের জন্য ভালোবাসা’ তেমনই এক গল্পের নাটক, যা সহজেই মনে দাগ কাটে। এ নাটকের চরিত্রগুলোয় আছে চেনা মুখের ছায়া। অন্যদিকে বাকপ্রতিবন্ধীর চরিত্রটি ছিল চ্যালেঞ্জিং। তাই এ নাটকে অভিনয় নিয়ে দ্বিতীয়বার ভাবেননি। গল্প, চরিত্র, নির্মাণ সব কিছু মিলিয়ে নাটকটি অনেকের মনে আনন্দ-বেদনার অনুভব এনে দেবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতিক সময়ে ছোটপর্দায় তানজিন তিশার উপস্থিতি ছিল কম। এরপরও সবশেষ যে ক’টি নাটকে অভিনয় করেছেন কম-বেশি সবই দর্শকের মাঝে সাড়া ফেলেছে। গত ঈদে তার অভিনীত ‘পুতুলের বিয়ে’ ও ‘গোলাপী’ নাটক দুটি প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন শ্রেণির দর্শকের। এদিকে তানজিন তিশা এখন ব্যস্ত সময় পার করছেন ‘সোলজার’ সিনেমার শেষ ধাপের কাজ নিয়ে। এই সিনেমায় প্রথমবার তাকে মেগাতারকা শাকিব খানের বিপরীতে দেখা যাবে। শিগগিরই নির্মাতাদের তরফ থেকে এ সিনেমা মুক্তির ঘোষাণা আসবে বলেও জানিয়েছেন তিশা।