
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভাঙ্গী আত্রে, যিনি ‘ভাবিজি ঘর পার হ্যায়!’-এ ‘অঙ্গুরি ভাবি’ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত, সাবেক স্বামী পীযূষ পুরের মদ্যপানের আসক্তি কীভাবে তাদের ২২ বছরের দাম্পত্য ভেঙে দিয়েছে, সে বিষয়ে আবারও মুখ খুলেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দীর্ঘ ২২ বছরের সংসারের ইতি টানেন শুভাঙ্গী ও পীযূষ। বিচ্ছেদের মাত্র দুই মাস পর লিভার সিরোসিসে মারা যান পীযূষ। এর আগে শুভাঙ্গী জানিয়েছিলেন, স্বামীর অ্যালকোহলে আসক্তিই তাদের সম্পর্ক ভাঙার অন্যতম প্রধান কারণ ছিল।
সম্প্রতি হটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভাঙ্গী বলেন, বিয়ের শুরুর দিকে তিনি স্বামীর আসক্তির গভীরতা বুঝতে পারেননি। জানতাম, ও মদ খেতে পছন্দ করত। পার্টিতে আমিও কখনও কখনও পান করতাম। কিন্তু ধীরে ধীরে যখন আসক্তি বাড়তে শুরু করল, তখন বুঝতেই পারিনি পরিস্থিতি কতটা গুরুতর হয়ে উঠেছে, বলেন শুভাঙ্গী। অভিনেত্রীর ভাষ্য, পীযূষ এতটাই দক্ষতার সঙ্গে বিষয়টি লুকিয়ে রাখতেন যে অনেক সময় তিনি বুঝতেই পারতেন না স্বামী মাতাল কি না। ভাবতাম, হয়তো খুব ক্লান্ত বা ঘুম পাচ্ছে। কিন্তু পরে সেই আসক্তির প্রভাব ওর শরীরেও পড়তে শুরু করে, বলেন শুভাঙ্গী। স্বামীর আসক্তি তাদের দাম্পত্যে কী প্রভাব ফেলেছিল, সে প্রসঙ্গে শুভাঙ্গী বলেন, পীযূষ কিছুটা খিটখিটে হয়ে উঠেছিলেন, তবে কখনও তার সঙ্গে দুর্ব্যবহার করেননি। শুভাঙ্গী জানান, একসময় পুরো পরিবারের আর্থিক দায়িত্বও তার ওপর এসে পড়ে। তিনি বলেন, বিচ্ছেদ পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই হয়েছিল। তবে এ সিদ্ধান্ত নিতে তাদের প্রায় দুই বছর সময় লেগেছে। ‘সবচেয়ে বেশি সময় লেগেছিল আমার কারণেই। আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে সংসার ভেঙে যাবে। চেয়েছিলাম, আমার মেয়ে যেন একই ছাদের নিচে মা-বাবাকে নিয়ে বড় হতে পারে। আমি এমন পরিবার থেকে এসেছি, যেখানে বিয়েকে অত্যন্ত পবিত্র ও আজীবনের সম্পর্ক হিসেবে দেখা হয়,’ বলেন অভিনেত্রী।