
তার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। আজ এ শহর তো কাল অন্য শহর। একটি ছোট ব্যাগ, কয়েকটি পোশাক আর সামান্য কিছু টাকা নিয়ে এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ান। তবে তিনি ঠিক হিমু নন। আগে ছিলেন মিলিটারি পুলিশের মেজর। অবসর নিয়ে বেছে নিয়েছেন ভবঘুরে জীবন। নিজের গাড়ি-বাড়ি নেই, ফোনও সেভাবে ব্যবহার করেন না। এ শহর, ও শহর ঘুরে বেড়ান। মন না টিকলে চড়ে বসেন বাসে, গন্তব্য নতুন শহর। কখনো হিচহাইকিং করেন। তবে তাঁর জীবন নির্বিবাদ নয়, মাঝেমধ্যেই জড়িয়ে পড়েন বড়সড় ঝামেলায়। এসব ঝামেলার পেছনে কখনো থাকে তার ‘অতীত জীবন’। তিনি রিচার, মেজর জ্যাক রিচার। তাকে নিয়ে নির্মিত সিরিজ ‘রিচার’-এর চতুর্থ মৌসুমের প্রথম তিন পর্ব মুক্তি পেয়েছে ১২ আগস্ট। মুক্তির পরই অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজটি বিশ্বজুড়ে আলোচনায়। প্রথম মৌসুম এসেছিল ২০২২ সালে, চার বছরেই চার মৌসুম; সিরিজটির জনপ্রিয়তা সহজেই অনুমান করা যায়। কিন্তু কে এই রিচার? কেন সিরিজটি নিয়ে বিশ্বজুড়ে এত আলোচনা?
টম ক্রুজের দীর্ঘ ক্যারিয়ারে অন্যতম বড় ব্যর্থতা চরিত্রটি ফুটিয়ে তুলতে না পারা। লেখক লি চাইল্ড অবশ্য মনে করেন, এ চরিত্রে তাকে নির্বাচনই ছিল বড় ভুল। কারণ, প্রায় সাড়ে ছয় ফুটের দীর্ঘদেহী রিচারের সঙ্গে টমের কোনো মিলই নেই।