ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বর্বরতা বন্ধ করতে হবে : বাঁধন

বর্বরতা বন্ধ করতে হবে : বাঁধন

ইতালি থেকে দেশে ফিরে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, যারা আক্রমণ চালাচ্ছেন, আমার মনে হয়, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন।

তাদের এ বর্বরতা বন্ধ করতে হবে। গতকাল সোমবার সকালে ইতালি থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির শিকার হন তিনি।

বাঁধন বলেন, তারা আমার গায়ে হাত তুলেছে। আমার মনে হয়, এটা করে আক্রমণকারীরা নিজেদের অনিরাপদ করছে। ইতালিতে যে ঘটনা ঘটেছে, সেটা আসলে দুঃখজনক।

এতে কিন্তু বিদেশের মাটিতে আমাদের নাম ক্ষুণ্ণ হলো। বাঁধন বলেন, আপনারা দলকে ভালোবেসে এমন করছেন; কিন্তু আপনাদের পরিবার যখন কষ্ট করবে, দলের নেতারা কিন্তু এটা দেখবে না। তারা আরামে আছে, ভিডিও বার্তা দিচ্ছে।

ইতালির পুলিশের ভূমিকার কথা তুলে ধরে বাঁধন জানান, ঘটনার পর তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছিল। ইতালিতে থাকার সময় স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথাও জানান তিনি।

৭ সেপ্টেম্বর রাতে ইতালির মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময় একদল প্রবাসী বাংলাদেশি তাকে হেনস্তা করে এবং হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ওই সময় বাঁধনের দিকে পানি, কোমল পানীয় ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগও ওঠে।

ভিডিওতে কয়েকজনকে বাঁধনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। ঘটনাটির পর বাঁধন স্থানীয় থানায় অভিযোগ করেন। ইতালির পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত