
কমেডিয়ান ও ইউটিউবার সময় রায়না ও 'টুয়েলভথ ফেল' অভিনেত্রী মেধা শঙ্করকে নিয়ে কিছুদিন ধরেই প্রেমের গুঞ্জন। এবার সেই গুঞ্জন গড়িয়েছে বিয়ে পর্যন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একাধিক পোস্টের দাবি, চলতি বছরের ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা করছেন সময় ও মেধা। আবার নতুন আরেকটি পোস্টে দাবি করা হয়েছে, সেই বিয়ে নাকি এরই মধ্যে হয়ে গেছে; প্রায় দুই মাস আগে, জুলাইয়ে। তবে এসব দাবির কোনোটিই সময় বা মেধা নিজেরা নিশ্চিত করেননি।
সময় রায়নার অনুষ্ঠান 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ মেধা শঙ্করের উপস্থিতির পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে দুজনের কথাবার্তা ও রসায়ন নজর কাড়ে দর্শকদের। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে কাছাকাছি সময়ে একই ধরনের পোস্ট দেওয়া; এসব ঘিরে তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।
গত আগস্টে 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর একটি পর্বে মেধা শঙ্কর, বরুণ ধাওয়ান, শ্যারন ভার্মা ও নিশান্ত তানওয়ার উপস্থিত ছিলেন।
সেখানে এক দর্শক সময়কে প্রশ্ন করেন, উপস্থিত প্যানেলিস্টদের মধ্যে কার সঙ্গে তিনি সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। জবাবে সময় বলেন, মেধা শঙ্কর আমার খুব কাছের।
এর পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা আরও বাড়ে।
তবে সময়কে সম্প্রতি শ্যারন ভার্মার সঙ্গেও প্রেমের গুঞ্জনে জড়ানো হয়েছিল। সেপ্টেম্বরে ইনস্টাগ্রাম স্টোরিতে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সময় লিখেছিলেন, 'না ভাই, ইন্টারনেটই এসব বানাচ্ছে।' মেধার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে অবশ্য তিনি প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করেননি।
সম্প্রতি রেডিটে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়, সময় ও মেধা আগামী ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন। পোস্টদাতার দাবি, তিনি সময়ের পরিবারের ঘনিষ্ঠ এবং তার মায়ের সঙ্গে কথা বলেই বিয়ের খবরটি জানতে পেরেছেন। পোস্টে আরও দাবি করা হয়, সময় ও মেধা বর্তমানে সুইজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন এবং দেশে ফিরে বিয়ের প্রস্তুতি শুরু করবেন। পরে সেই পোস্ট মুছে ফেলা হলেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।