ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সালমান শাহের জন্মদিনে শাবনূরের অনুরোধ

সালমান শাহের জন্মদিনে শাবনূরের অনুরোধ

ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহের জন্মদিন ছিল ১৯ সেপ্টেম্বর। ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন তিনি। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকে স্মরণ করছেন প্রিয় নায়ককে। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সালমান সবচেয়ে বেশি সিনেমা করেছেন শাবনূরের সঙ্গে। সালমান-শাবনূর জুটির রসায়নে মন ভরেছিল সিনেমাপ্রেমীদের। ঢালিউডের অন্যতম জুটিতে পরিণত হন তারা। এতটাই সমাদৃত হন যে আজও সালমান নামটি নিলেই উঠে আসে শাবনূরের নাম।

সালমানের জন্মদিনে সহকর্মীরা যখন তাকে স্মরণ করলেন তখন শাবনূরও প্রিয় সহকর্মীকে নিয়ে জানালেন অনুভূতি। শুরুতেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ!

তারকাখ্যাতির বাইরে মানবিক হৃদয়ের অধিকারী ছিলেন সালমান। মানুষকে শ্রদ্ধার চোখে দেখা এবং আপন করে নেওয়ার ক্ষমতা ছিল তার। সেসব স্মৃতি এখনও মনে পড়ে শাবনূরের। এরকম উল্লেখ করে লিখেছেন, কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালি দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ। তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী কাউকেই কখনও ছোট করে দেখতেন না।

১৯৯৩ সালে 'কেয়ামত থেকে কেয়ামত' ছবি দিয়ে চলচ্চিত্রে আগমন ঘটে সালমান শাহর। স্মার্টনেস ও ব্যক্তিত্ববোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয়ে ওঠেন এ নায়ক। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি ছবি করেন। যার অধিকাংশই সুপারহিট। মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে পা রাখলেও সালমানের বেশিরভাগ ছবির নায়িকা ছিলেন শাবনূর। এই জুটি তখন এমন জনপ্রিয় হয়ে উঠেছিল যে, তাদের কোনো ছবি মুক্তি পেলেই দর্শক প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়তেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত