ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ছবি ফাঁসের পর চার দিন ঘরবন্দি ছিলেন রাধিকা

ছবি ফাঁসের পর চার দিন ঘরবন্দি ছিলেন রাধিকা

বলিউডের অভিনেত্রী রাধিকা আপ্তে বরাবরই সাহসী ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতেও আপত্তি নেই তার। তবে প্রায় এক দশক আগে নিজের অভিনীত একটি অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা আজও মনে আছে অভিনেত্রীর। সম্প্রতি সেই সময়ের কথা জানিয়ে রাধিকা বলেন, ভয়ে টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি তিনি।

গত ১৮ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রাধিকা অভিনীত 'লাস্ট স্টোরিজ থ্রি'। সিরিজটির প্রচারে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন অভিনেত্রী।

রাধিকার ভাষ্য, কোনো অভিনেতা একটি দৃশ্যে অভিনয় করার সময় যতটা প্রস্তুত থাকেন, সেটি অনুমতি ছাড়া ছড়িয়ে পড়লে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। তার ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর চার দিন ঘর থেকে বের হতে পারেননি তিনি।

রাধিকা বলেন, একবার আমার করা একটি দৃশ্য ফাঁস হয়ে যায়। এরপর আক্ষরিক অর্থেই চার দিন বাড়ি থেকে বের হতে পারিনি। সমস্যা হলো, বিষয়টি খুব দ্রুত আপনার ব্যক্তিগত জীবনে ঢুকে পড়তে পারে। আপনার দরজার ঘণ্টা বাজতে পারে। দরজার বাইরে এমন কেউ দাঁড়িয়ে থাকতে পারে, যে ওই দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়েছে। তাই বিষয়টি এত সহজ নয়। এটি অনেক বেশি জটিল।

ঘটনাটি শুধু তার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আশপাশের মানুষজনও ফাঁস হওয়া ভিডিওটি দেখেছিলেন। এ কারণে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অভিনেত্রী।

সেই সময়ের কথা স্মরণ করে রাধিকা জানান, তার স্টাইলিস্ট এক দিন বলেছিলেন, তার গাড়িচালক ফাঁস হওয়া ক্লিপটি বারবার দেখছিলেন। এমনকি তাকে প্রশ্নও করেছিলেন, 'আপনি ওনার বাড়িতে যাচ্ছেন?'

রাধিকা আরও বলেন, তার ওয়াচম্যানও ভিডিওটি দেখেছিলেন। এ ধরনের ঘটনা ঘটতে শুরু করায় পরিস্থিতি সামলানো কঠিন হয়ে উঠেছিল। নিজের ব্যক্তিগত পরিসরে বিষয়টি যেভাবে ঢুকে পড়েছিল, তাতে তিনি ভীষণ অস্বস্তিতে ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত