ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দেশে ফিরছেন মৌসুমী

দেশে ফিরছেন মৌসুমী

তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন দেশের সিনেমার নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এবার তার দেশে ফেরার পথ সহজ হলো। দীর্ঘ অপেক্ষার পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন তিনি। সম্প্রতি মৌসুমী নিজেই নিশ্চিত করেছেন গ্রিনকার্ড প্রাপ্তির খবরটি।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এর পর থেকে সেখানেই আছেন তিনি। মেয়ে ফাইজার পড়াশোনার দেখভালের পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিচর্যার দায়িত্বও সামলেছেন এ অভিনেত্রী। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকলেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি না পাওয়ায় দেশে আসা-যাওয়া সহজ ছিল না বলে জানা গেছে। তিন বছর অপেক্ষার পর সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে থাকলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে ছিলেন না মৌসুমী। সেখানে থাকার সময় 'কন্ট্যাক্ট ম্যারেজ' নামের একটি টেলিফিল্মের শুটিংয়ে অংশ নেন তিনি। পরে সেটি বাংলাদেশে চলচ্চিত্র হিসেবে মুক্তি দেওয়া হয়। তবে নিয়মিত অভিনয় কিংবা নতুন কোনো চলচ্চিত্রে কাজ করার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি এ অভিনেত্রী।

অভিনয়শিল্পী মৌসুমী-ওমর সানীর এক ছেলে ও এক মেয়ে। মেয়ে ফাইজা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন। ছেলে ফারদীন থাকেন দুবাইয়ে। অন্যদিকে স্বামী চিত্রনায়ক ওমর সানী বাংলাদেশে থেকে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। তবে নিয়মিত পরিবারের সবার সঙ্গে ভিডিওকলে কথা হয়।

নব্বইয়ের দশকে চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মৌসুমী। 'কেয়ামত থেকে কেয়ামত', 'দোলা', 'অন্তরে অন্তরে'সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকের ভালোবাসা পাওয়া এ অভিনেত্রী দেশের বাইরে থাকলেও তার দেশে ফেরা নিয়ে ভক্তদের আগ্রহ রয়েছে। স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার ফলে মৌসুমীর যুক্তরাষ্ট্রে থাকা ও বাংলাদেশে আসা-যাওয়ার ক্ষেত্রে আগের মতো সমস্যা থাকছে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত