ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

৫০ বছরে ফিডব্যাক

৫০ বছরে ফিডব্যাক

বাংলা ব্যান্ড মিউজিকের অন্যতম জনপ্রিয় ব্যান্ড 'ফিডব্যাক' পা রাখল প্রতিষ্ঠার ৫০তম বছরে। ১৯৭৭ সালের অক্টোবরের যাত্রা শুরু করা ব্যান্ডটি দীর্ঘ পথচলায় বাংলা গান ও ব্যান্ড সংস্কৃতিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ১৯৭৭ সালে কি-বোর্ডিস্ট ফুয়াদ নাসের বাবুসহ পাঁচজন মিউজিশিয়ানকে নিয়ে ব্যান্ডটির যাত্রা শুরু হয়।

'ফিডব্যাক' ব্যান্ড ৫০ বছর উপলক্ষে বছরব্যাপী কনসার্টের আয়োজন করছে। একটি প্রেস কনফারেন্সে এটি জানান প্রতিষ্ঠাতা সদস্য ফুয়াদ নাসের বাবু। তিনি বলেন, একটি ব্যান্ডের পাঁচ দশক ধরে শ্রোতাদের হৃদয়ে টিকে থাকা সত্যিই এক আনন্দের ব্যাপার। এ পথচলা কেবল আমাদের একার নয়; এ যাত্রায় জড়িত ছিলেন অসংখ্য সদস্য, গীতিকার, সুরকার এবং সর্বোপরি আমাদের কোটি অনুরাগী ও শ্রোতা। তাদের অকৃত্রিম ভালোবাসা না থাকলে আমরা আজকের 'ফিডব্যাক' হতে পারতাম না।

তিনি আরও বলেন, ৫০ বছরের এ মাইলফলককে ঘিরে আমরা বছরব্যাপী বিভিন্ন আয়োজন করবো। আমাদের জনপ্রিয় গানগুলো নতুন আঙ্গিকে তৈরি করে শ্রোতাদের সামনে তুলে ধরব। পাশাপাশি সারা বাংলাদেশে কনসার্টের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাব। যাদের ভালোবাসায় আমাদের এত দূর আসা, তাদের সঙ্গে নিয়েই এ আনন্দ ভাগ করে নিতে চাই।

দীর্ঘ এ পথচলায় ফিডব্যাক তৈরি করেছে অসংখ্য কালজয়ী গান। 'মেলায় যাইরে', 'এইদিন চিরদিন রবে', 'এক বাঁক প্রজাপতি', 'বাউন্ডুলে', 'উদাসী', 'মৌসুমী', 'তিষ্ঠি', 'সুখী মানুষের ভিড়ে', 'গীতিকবিতা' সহ অসংখ্য গান স্থান করে নিয়েছে বাঙালির আবেগ ও সংস্কৃতির গভীরে।

শুরুতে এটির নাম ছিল 'ফিডব্যাক টোয়েন্টিয়েথ সেঞ্চুরী'। শুরুর দিনগুলোতে জনপ্রিয় বিদেশি গান কাভার করতো ব্যান্ডটি। আস্তে আস্তে বাড়তে থাকে পরিচিতি। তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে আসে নিয়মিত গাওয়ার আমন্ত্রণ। সপ্তাহে তিন দিন সেখানে গান গাইতো ফিডব্যাক। ১৯৮৭ সাল পর্যন্ত চলে এ ধারাবাহিকতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত