
সুরের ভুবনে কত গান, কত স্মৃতি আর অসংখ্য শ্রোতার ভালোবাসা দীর্ঘ সংগীতজীবনে কণ্ঠের মায়ায় সেই ভুবনই সমৃদ্ধ করেছেন রুনা লায়লা। আগামী ১৭ নভেম্বর জন্মদিন উপলক্ষে কিংবদন্তি এ শিল্পীকে ঘিরে থাকছে বিশেষ আয়োজন। উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হলো একটি স্বর্ণের গিটার। রুনা লায়লার জন্মদিন উপলক্ষে 'রুনা মহল' শিরোনামে ব্যতিক্রমী একটি অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই। সেখানে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বর্ণের গিটার উপহার দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। বিশেষ এ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা লায়লা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা আফজাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীরকন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর।