ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বহিষ্কৃত যুবদল নেতাকে গুলি করে হত্যা, কাটা হলো রগ

বহিষ্কৃত যুবদল নেতাকে গুলি করে হত্যা, কাটা হলো রগ

খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে (৩৫) গুলি ও রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশার তার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। মাহবুব মোল্লা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।

গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের বিষয় ঘিরে দফায় দফায় সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়ার ঘটনায় শতাধিক মানুষ আহত হয়। ওই সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় যুবদল নেতা মাহবুবুর রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরের দিন মাহবুকে বহিষ্কার করে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তার বাসার সামনেই একটি মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত আসে। কিছু বুঝে উঠার আগেই তারা মাহবুবকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে রগ কেটে দেয়। এলাকাবাসীরা ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েছেন। তারা জানান, হামলাকারীদের মধ্যে একজন হেলমেট পরিহিত ছিলেন, তবে অন্য দুজনের মাথায় কোনো হেলমেট ছিল না। স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত