ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

* অফিসে ‘প্রয়োজনের অতিরিক্ত’ লাইট-ফ্যান বন্ধসহ ১১ নির্দেশনা * প্রশাসনে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে নিজের দপ্তরের বিদ্যুৎ ব্যবহার কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; সেই সঙ্গে ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গতকাল বৃহস্পতিবার বলেন, গতকাল সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে আসেন। তিনি অফিসে এসে নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ অফ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ মাত্রায় নেন। এই মাত্রায় নিলে বিদ্যুৎ খরচ কম হয়।

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের জন্য মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশ করেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা ঠিক করে দিতে বলেন। সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ রয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব রুমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যক্তিক্রমী উদ্যোগের পরে তার দপ্তরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা ঠিক করা হয়। প্রধানমন্ত্রী সচিবালয়ের সকল মন্ত্রণালয়, সারাদেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। লাইট কম ব্যবহার করে দিনেরবেলা অফিস বা বাড়ি-ঘরের পর্দার জানালার সরিয়ে সূর্যের আলো ব্যবহারের জন্য সকলের প্রতি প্রধানমন্ত্রী পরামর্শ রেখেছেন।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীকে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং আর কী করণীয় আছে, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিতে বলেছেন।

অফিসে ‘প্রয়োজনের অতিরিক্ত’ লাইট-ফ্যান বন্ধসহ ১১ নির্দেশনা : বিদ্যুৎ সংকট মোকাবিলায় দিনের বেলায় লাইট বন্ধ এবং প্রয়োজনের বেশি লাইট-ফ্যান ও এসি না চালানোসহ ১১টি নির্দেশনা দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক নির্দেশনায় বলেছে, ‘বৈশ্বিক সংকট মোকাবিলায় সব ধরনের সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও করপোরেশনসহ সব কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।’

চিঠিতে অফিসগুলোকে যেসব ব্যবস্থা নিতে বলা হয়েছে, তা হল- ১. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার এবং জানালা-দরজা কিংবা ‘ব্লাইন্ড’ খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। ২. ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার বন্ধ করতে হবে। ৩. অফিস চলাকালে প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। ৪. এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে। ৫. অফিস কক্ষ ত্যাগ করার সময় বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। ৬. অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে। ৭. বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। ৮. অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে। ৯. সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে। ১০ গাড়ির ব্যবহার সীমিত করতে হবে এবং ১১. জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

প্রশাসনে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর : উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করতে এবং জনসেবা নিশ্চিতে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

রমজান মাস ঘিরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখা, সার্বিক প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রস্তাবনা উপস্থাপন করা হয় এবং সেগুলো নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খুলতে বললেন প্রধানমন্ত্রী : বিদেশে কর্মসংস্থানে দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। তিনি বলেন, বৈঠক বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে দেশের ভাষা শিক্ষা কেন্দ্র খুলতে বলেছেন, যাতে বেকার যুবক-যুবতীরা বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে চাকরির সুযোগ পায়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে কীভাবে বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টি করা যায়, তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মূখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ উধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে যাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করে যেতে না হয়, সেজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন।

তিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই : অতিরিক্তি প্রেস সচিব বলেন, ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ও সিলেটে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে উন্নত দেশগুলোর বিমানবন্দরের মতো ‘ফ্রি ওয়াইফাই’ চালু করতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ঢাকা-১৭ আসনে ভঙ্গুর মন্দির সংস্কার : প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ আসনে নির্বাচনি প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বলে অতিরিক্তি প্রেস সচিব বলেছেন।

তিনি বলেন, নির্বাচনি প্রচারের সময়ে ঢাকা-১৭ আসনে মহাখালী ক্যান্সার হাসপাতালে কাছে সনাতন ধর্মাবলম্বীদের একটি মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই মন্দিরের সংস্কার কাজ আগামী শনিবার শুরু করতে বলেছেন তিনি। আতিকুর রহমান বলেন, আগামী শনিবার সকাল ১১টায় ঢাকার দুই সিটির প্রশাসক যথাক্রমে আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত